ময়মনসিংহের ত্রিশালে পিকআপের সাথে অজ্ঞাত এক ট্রাকের সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর
আহত হয়েছে পিকআপের চালক।
রবিবার (১৬ মে) রাত পৌনে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের রায়মনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আমিনুল ইসলাম আমানু (৩৬), তার বোন নাজমা খাতুন (৩২) ও নাজমার মেয়ে লালমনি (৭)। তারা শেরপুর সদর উপজেলার বাঘের চর গ্রামের বাসিন্দা। গুরুতর আহত
পিকআপ চালকের নাম সাদা মিয়া।
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুনিম সারোয়ার বলেন, অতিরিক্ত গতিতে পিকআপের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অজ্ঞাত ট্রাকের পিছনে ধাক্কা দেয়ায় দুর্ঘটনাটি ঘটেছে। খবরপেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। নিহতরা সবাই পিকআপের বডির সাথে মিশে গিয়েছেন। পিকআপের চালককে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাইন উদ্দিন বলেন, রাত পৌনে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের রায়মনি এলাকায় পিকআপের সাথে অজ্ঞাত এক ট্রাকের সংঘর্ষে হতাহতের ঘটনাটি ঘটে। নিহতরা শেরপুর থেকে বেগুন বোঝাই পিকআপের সামনে ড্রাইভারের পাশের সিটে বসে ঢাকার দিকে যাচ্ছিলেন। মরদেহ থানায় রাখা হয়েছে। নিহতের স্বজনদের জানানো হয়েছে। তারা আসলেই লাশ হস্তান্তর করা হবে।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ



















