নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় চাঁদখানা চরকবন গ্রামে ড্রেজার মেশিন দিয়ে অবাধে চলছে বালু উত্তোলন। ফলে তিন গ্রামের ৭ হাজার লোকের যাতায়াতের একটি মাত্র রাস্তা চরম হুমকির মুখে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ নর্থ পোলট্রি ফার্মের রাস্তা ঘেষা জমি থেকে বালু উত্তোলনের ফলে রাস্তাটি ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়েছে।রাস্তাটি ভেঙ্গে গেলে আমাদের দুর্ভোগের সিমা থাকবেনা।এছাড়া ফসলী জমিও ভেঙ্গে যাচ্ছে ওই খালে।
মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়,রাস্তা ঘেষা একটি জমিতে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে। এছাড়াও ১০০গজ দূরে আরো একটি ড্রেজার মেশিন লাগানো হয়েছে।এসব মেশিন দিয়ে বালু উত্তোলন করা হয় রাত ৮টার পর থেকে ভোর পর্যন্ত। মেশিনের বিকট শব্দে এলাকাবাসি অতিষ্ঠ হয়ে উঠেছে। এলাকাবাসি জানায়, ডাঙ্গাপাড়া চরকবন ও বেহায়াপাড়া গ্রামের ৭ হাজার মানুষের কিশোরগঞ্জ এবং তারাগঞ্জ উপজেলা যোগাযোগের একমাত্র ভরসা এই কাঁচা রাস্তাটি। রাস্তাটি ভেঙ্গে গেলে আমাদের চরম দুর্ভোগে পড়তে হবে। ডাঙ্গা পাড়া গ্রামের সোলার রহমান জানায়, প্রতিরাতে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে নর্থ পোলট্রি ফার্ম কর্তৃপক্ষ।এতে করে রাস্তা ছাড়াও আমাদের ফসলি জমি ভেঙ্গে যাচ্ছে খালে। চরকবন গ্রামের মোফাজ্জল হোসেন বলেন নিষিদ্ধ ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উঠায় ৪ মাথা থেকে পারের হাট ও কিশোরগঞ্জ তারাগঞ্জ যোগাযোগের রাস্তা খালে ভেঙ্গে যেতে বসেছে।
নর্থ পোলট্রি ফার্মের দায়িত্বরত ম্যানেজার এম এম বিল্লাহর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি রাস্তা খালে ভেঙ্গে যাওয়ার আশংকা উড়িয়ে দিয়ে বলেন ভেঙ্গে গেলে আমরা মেরামত করে দিব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা বেগম বলেন, ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় এর আগে নর্থ পোলট্রি ফার্মের মেশিন জব্দ করা হয়েছিল। পুনরাবৃত্তি ঘটলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ



















