রাজধানীর দক্ষিণখানে মসজিদের সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ যুবকের ৭ খন্ড গলিত লাশ উদ্ধারসহ হত্যাকাণ্ডের মূল হোতা মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে র্যাব-১। নিহতের নাম আজহার (৩০)। এই হত্যাকাণ্ডে অভিযুক্ত গ্রেপ্তার হওয়া ইমামের নাম মো. আব্দুর রহমান (৫৪)।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র্যাব-১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল মোত্তাকিম।
তিনি জানান, গত ২৪ মে আনুমানিক রাত ৯টায় র্যাব-১ এর গোয়েন্দা দল গোপন সূত্রে জানতে পারে সরদার বাড়ি জামে মসজিদের সিড়িতে রক্তের দাগ এবং সেপটিক ট্যাংক হতে তীব্র দুর্গন্ধ পাওয়া যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে র্যাব-১ এর গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করলে এলাকাবাসীর নিকট জানতে পারে, নিহত আজহার (৩০) বিগত ১৯ মে তারিখ থেকে নিখোঁজ রয়েছে।
র্যাব-১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল মোত্তাকিম আরও জানান, র্যাব-১ নিখোঁজ আজহারকে খুঁজে বের করতে দ্রুততার সঙ্গে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। র্যাব-১ এর গোয়েন্দা তৎপরতায় এবং গোপন সূত্রের ভিত্তিতে হত্যাকারী মাওলানা মো. আব্দুর রহমানকে ঢাকার দক্ষিণখান থানাধীন মাদ্রাসাতুর রহমান আল আরাবিয়া থেকে গ্রেপ্তার করে। এ সময় আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ৩টি চাকু ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাবের এই কর্মকর্তা জানান, আসামির দেওয়া তথ্য মতে আজ ২৫ মে ঢাকার দক্ষিণখান থানার সরদার বাড়ি জামে মসজিদের সেপটিক ট্যাংক থেকে নিহত আজহারের খণ্ডিত লাশ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব জানায়, মাওলানা মো. আব্দুর রহমান সরদারবাড়ি জামে মসজিদে ৩৩ বছর ইমামতি করে আসছে। নিহত আজহারের ছেলে মো. আরিয়ান (৪) ওই মসজিদের মক্তবে পড়াশোনা করত। নিহত আজহার নিজেও তার কাছে কুরআন শিক্ষা গ্রহণ করতেন। এই সুবাদে তাদের বাসায় প্রায়ঃশই যাওয়া আসা করত ওই ইমাম। যাতায়াতের কারণে মাওলানা মো. আব্দুর রহমানের সঙ্গে ভিকটিমের পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে।
গত ১৯ মে আসামি মাওলানা মো. আব্দুর রহমানের সাথে নিহত আজহারের কোনো একটা বিষয়ে কথা কাটাকাটি হয়। কথাকাটির এক পর্যায়ে আসামি ক্ষিপ্ত হয়ে আজহারের গলার ডানপাশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে সে।
পরবর্তীতে এই হত্যাকান্ডের ঘটনা ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে হত্যাকারী আজহারের লাশ টুকরো টুকরো করে সরদার বাড়ি জামে মসজিদের সেপটিক ট্যাংকে লুকিয়ে রেখেছিল।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
























