কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ সিএনজি ছিনতাই চক্রের চার সদস্যকে আটক করেছে। রামু থানা পুলিশ ও স্থানীয় জনতার সহায়তায় ঈদগড় সিএনজি ষ্টেশন এলাকা থেকে গতকাল তাদের আটক করে।
প্রাপ্ত তথ্যে প্রকাশ, ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়াঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি সিএনজির ড্রাইভারকে মারধর করে তা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ ঘটনায় ঈদগাঁও থানা পুলিশ চারজন ছিনতাইকারীকে ছিনতাইকৃত সিএনজিসহ আটক করে।
আটককৃতরা হচ্ছে ঈদগাঁও জাগির পাড়ার মৃত শহর মুল্লুকের পুত্র জিকু জিন্নাত তুহিন (২০), একই ইউনিয়নের উত্তর মাইজ পাড়ার ফোরকান আহমদের পুত্র আব্দুর রহমান (২০), কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ড নতুন বাহারছড়ার মোঃ রাজুর পুত্র মোঃ রাসেল (১৯) এবং উত্তর নুনিয়াছড়ার আজিজুল হক আজিজের পুত্র রায়হান (২২)। অপরাপর সহযোগী আসামিরা পালিয়ে যায়। বুধবার ঈদগাঁও থানায় এদের বিরুদ্ধে আইন- শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ এর ৪/৫ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হালিম জানান, ছিনতাই চক্রের পলাতক আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















