ময়মনসিংহের ভালুকায় সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা বাসে ট্রাকের ধাক্কায় বাসের এক যাত্রীসহ ট্রাকচালক নিহত হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুইজন।
নিহত যাত্রীর নাম শফিকুল ইসলাম (৩৬)। তিনি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার লঙ্গারচরের মাজম আলীর ছেলে। নিহত ট্রাকচালকের নাম ইয়াকুব মোল্লা (৩৩)। তিনি নড়াইল জেলার বাবু মোল্লার ছেলে। তিনি ভালুকার সিডস্টোর এলাকায় থেকে ট্রাক চালাতেন।
বিষয়টি নিশ্চিত করে ভালুকা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, জামালপুরের সানন্দবাড়ি থেকে রাজধানীর উদ্দেশে ছেড়ে আসে একটি বাস। ভালুকা উপজেলার হাজির বাজার এলাকায় পৌঁছালে বাসে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে সড়কের পাশে বাসটি দাঁড় করিয়ে ত্রুটি সারছিলেন চালক ও তাঁর সহকারীরা। ওই সময় বাসের যাত্রীরা সড়কের পাশে পায়চারি করতে থাকে।
ওসি বলেন, রাত সোয়া তিনটার দিকে হঠাৎ একটি ট্রাক এসে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়।
ট্রাকের চাপায় ঘটনাস্থলেই বাসের যাত্রী শফিকুল নিহত হন এবং ট্রাকের ধাক্কা খেয়ে সড়কের পাশে খাদে পড়ে যায় বাসটি। এতে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে চালক
ইয়াকুব মোল্লা ও দুই সহকারীসহ তিনজন গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায়
ট্রাকের চালকও মারা যায়।
মশিউর রহমান আরও বলেন, ট্রাক ও বাসটি জব্দ করা হয়েছে। মরদেহ দুইটি হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ



















