করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় খুলনা বিভাগ, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার মোট ১৬৩টি ইউনিয়ন পরিষদ (ইউপি) ও নয় পৌরসভার নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
দেশের ষষ্ঠ ধাপের ১১টি পৌরসভার মধ্যে ৯টির নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। বাকি দুটির নির্বাচন আগামী ২১ জুন হবে। এ ছাড়া প্রথম ধাপের ৩৬৭টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১৬৩টির নির্বাচন স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) সচিব হুমায়ুন কবীর খোন্দকার এ তথ্য জানান।
২১ জুন নির্বাচনের জন্য নির্ধারিত ৩৬৭ টি ইউনিয়ন পরিষদের মধ্যে করোনার উচ্চঝুঁকি সম্পন্ন এলাকা খুলনা বিভাগের সকল ইউনিয়ন পরিষদ, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ইউনিয়ন পরিষদসহ মোট ১৬৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে বাগেরহাট জেলায় ৬৮টি, খুলনা জেলায় ৩৪টি, সাতক্ষীরা জেলায় ২১টি, নোয়াখালী জেলায় ১৩টি, চট্টগ্রাম জেলায় ১২টি এবং কক্সবাজার জেলায় ১৫টি ইউনিয়ন পরিষদ।
নির্বাচনের তফসিল ঘোষিত ১১টি পৌরসভার মধ্যে দিনাজপুর জেলা সেতাবগঞ্জ ও ঝালকাঠি জেলার ঝালকাঠি পৌরসভার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। অন্য ৯টি পৌরসভা করোনার উচ্চঝুঁকি সম্পন্ন এলাকায় হওয়াতে এ সকল পৌরসভার নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে।
কঠোরভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালন করে নির্বাচনী কার্যক্রম পরিচালনা ও প্রচার-প্রচারণা করার জন্য নির্বাচন কমিশন নির্দেশ প্রদান করেছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















