ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহর সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ২১ কার্যদিবসের মধ্যে তাকে সম্পদের হিসাব দাখিল করতে বলা হয়েছে নোটিশে।
আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত এই নোটিশ পাঠানো হয়। দুদকের অনুসন্ধানে তার ‘অঢেল সম্পদ অর্জনের’ সত্যতা পাওয়ায় এই নোটিশ পাঠানো হয়েছে বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা (উপ-পরিচালক) মুহাম্মদ আরিফ সাদেক। তবে এনায়েত উল্লাহ শুরু থেকেই অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অস্বীকার করে আসছেন। তাকে নিয়ে দুদকের অনুসন্ধানকেও ‘ষড়যন্ত্রমূলক’ বলছেন তিনি।
দুদকের নোটিশে বলা হয়, ‘যদি নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হন অথবা মিথ্যা বিবরণী দাখিল করেন তবে উপরিউক্ত আইনের (দুদক আইন) ধারা ২৬ এর উপ-ধারা (২) মোতাবেক আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ও এনা পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক এনায়েত উল্লাহর বিরুদ্ধে ঢাকাসহ আশপাশের সড়কে চলা বাস থেকে প্রতিদিন এক কোটি ৬৫ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে গত বছরের শুরুতে অনুসন্ধানে নামে দুদক।
ওই অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে এর আগে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিসহ সরকারি বিভিন্ন দপ্তরে তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছেন অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপ-পরিচালক নুরুল হুদা।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

























