ভারতকে ৮ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো আয়োজিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নিয়েছে নিউজিল্যান্ড। এমন অবস্থাতেই মাত্রাছাড়া উচ্ছ্বাস দেখাতে গিয়ে বিতর্কের জন্ম দিয়েছে নিউজিল্যান্ডের এক ওয়েবসাইট। ‘দ্য অলটারনেটিভ কমেন্টারি কালেক্টিভ’ নামের ওই ওয়েবসাইট একটা মিমের মাধ্যমে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে কুকুরের সঙ্গে তুলনা করেছে!
নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হওয়ার পর সেই ওয়েবসাইটের ইন্সটা-পেজে একটি মিম শেয়ার করা হয়েছে। যাতে দেখা যাচ্ছে, একটি বৃদ্ধ মানুষকে গলায় দড়ি দিয়ে কুকুরের মতো টেনে নিয়ে যাচ্ছেন একজন তরুণী। সেই তরুণীর পাশে লেখা কাইল জেমিসন। কুকুরের ভঙ্গিতে বসে থাকা ব্যক্তির পাশে লেখা বিরাট কোহলি! ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোহলিকে দুই ইনিংসেই আউট করেন কাইল জেমিসন। ঘটনাচক্রে দুই দলের দুই তারকা আবার আইপিএলে ব্যাঙ্গালোরের হয়ে খেলেন।
নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে কাইল জেমিসন সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন। ৬.৮ ফুটের দীর্ঘকায় পেসার দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ১৬ রান করেন। কিউইরা প্রথম ইনিংসে যে ৩২ রানের লিড নিয়েছিল তার পেছনে ছিলেন জেমিসন। ম্যাচ শেষে কোহলিও তার আইপিএল সতীর্থকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। অন্যদিকে নিউজিল্যান্ডের জনগণ খুব শান্তিপ্রিয়। সেই দেশের মিডিয়ায় এমন মিম দেখে ক্রিকেটবিশ্ব বেশ অবাকই হয়েছে।

























