নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে এর আগেও ভারতের ঘরোয়া লিগে নেতৃত্ব দিয়েছিলেন বৈভব সূর্যবংশী। তবে সেটি ছিল পরিস্থিতি সাপেক্ষে। এবার সরাসরি অধিনায়কের গুরুভার উঠছে ১৫ বছর বয়সী এই প্রতিভার কাঁধে। ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলি ট্রফিতে বৈভব বিহারকে নেতৃত্ব দেবেন।
এর আগে দুলিপ ট্রফির ফাইনালে ইশান কিষাণ মাঠের বাইরে গেলে কিছু সময়ের জন্য ইস্ট জোনের অধিনায়কত্ব করেন বৈভব সূর্যবংশী। এ ছাড়া রঞ্জি ট্রফিতে তিনি প্রাদেশিক দলের সহ-অধিনায়ক ছিলেন। বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচক কমিটি আজ (শুক্রবার) অনুষ্ঠিত সভায় বৈভবকে আসন্ন টি-টোয়েন্টি লিগে বড় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয়।
বৈভবকে বিহারের অধিনায়কত্ব দেওয়ায় শুভকামনা জানালেও, চমকে গেছেন সাবেক ভারতীয় তারকা রবিচন্দ্রন অশ্বিন। তিনি লিখেছেন, ‘তরুণ ক্রিকেটারের জন্য এটি অনেক বড় দায়িত্ব। শুভকামনা থাকল।’
এর আগে প্রথম দুই ম্যাচের চূড়ান্ত দল গঠনের লক্ষ্যে ক্রিকেটারদের নিয়ে পরীক্ষা (ট্রায়াল) চালাবে বিহার। একইসঙ্গে তাদের অতীত পারফরম্যান্সও বিবেচনায় থাকবে। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে ছিলেন বৈভব। তবে তাকে কেবল দুই ম্যাচে খেলিয়েছে ভারত। যেখানে তিনি ৪ ও ৪৫ রান করেন। এর মধ্যে তৃতীয় ম্যাচে অভিষেক শর্মার সঙ্গে তার বিধ্বংসী পাওয়ার প্লেতে ১১৮ রানের জুটি বেশ আলোচিত। যা ছিল বিশ্বরেকর্ড।
সূর্যবংশী এখন পর্যন্ত ৪৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে সাতটি তিনি বিহারের হয়ে খেলেছেন। সৈয়দ মুশতাক আলী ট্রফির আগের আসরে কলকাতার ইডেন গার্ডেন্সে মহারাষ্ট্রের বিপক্ষে সূর্যবংশী ৬১ বলে অপরাজিত ১০৮ রান করেছিলেন।
ঘরোয়া মৌসুমের শুরুটা বিহারের জন্য বেশ কঠিন গেছে। রঞ্জি ট্রফির প্রথম পর্বে তারা নিজেদের চার ম্যাচের সবকটিতেই হেরেছে। এখন সূর্যবংশীর নেতৃত্বে দলটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। আগামী ১৪ নভেম্বর ইন্দোরে সৌরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে সৈয়দ মুশতাক আলী ট্রফি অভিযান শুরু করবে বিহার।
_Rs_
























