পঞ্চগড় জেলায় চলতি মৌসুমে আমের গাছে মুকুলে মুকুলে ভরে গেছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে এবং কৃষি বিভাগের সহযোগিতা পেলে আমের বাম্পার ফলন আশা করছে কৃষকরা।
এ জেলায় পারিবারিক বাগানগুলোতে ফজলি, হাড়িভাঙ্গা, মালদাহসহ দেশি আম গাছ আছে। এ জেলার চাহিদা মিটিয়েও বাণিজ্যিকভাবে হাট-বাজারে আম বিক্রি করে সংসার চলে দরিদ্র পরিবারগুলোর। তাই আম গাছ বেশি বেশি করে লাগানো হয়ে থাকে। গত বছরের চেয়ে এ বছর আম গাছে মুকুল বেশি দেখা যাচ্ছে। মুকুল ধরে রাখতে প্রতিটি গাছের পরিচর্যা করছে কৃষক-কৃষাণীরা। এদিকে বাণিজ্যিকভাবে আমের বাগান করেছে অনেকে।
জেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, এ জেলায় বাণিজ্যিক আম বাগান রয়েছে প্রায় ৮ হাজার হেক্টর জমিতে। এসব বাগানে আ¤্রপলি, লেংরা, গোপালভোগ, আশ্বিনা, কালিভোগসহ বিভিন্ন জাতের আমের চাষ হয়। বাগান মালিক আব্দুল মালেক গত বছর তার ১৫ বিঘা জমির লাগানো আম বাগান থেকে আয় করেছে প্রায় ৫ লাখ টাকা। বড় আকারের আম বাগানের পাশাপশি শহরের বিভিন্ন রাস্তার আশপাশ এবং বাসাবাড়ির ছাদেও বৈজ্ঞানিক পদ্ধতিতে আমের চাষ হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সামছুল হক বিজনেস বাংলাদেশকে জানান, আম চাষে উৎসাহিত করতে এলাকার আম চাষি ও কৃষকদের পরামর্শসহ সার্বিক সহযোগিতা করা হচ্ছে।




















