এই একটা শিরোপার জন্য অপেক্ষাটা ২৮ বছরের। হ্যাঁ, ১৯৯৩ সালে কোপা আমেরিকার শিরোপা ঘরে তোলার পর আর্জেন্টিনার নেই কোনো আন্তর্জাতিক শিরোপা। বিশ্বকাপ আসত, আসত কোপা, চলেও যেত। কিন্তু আর্জেন্টিনার অপেক্ষাটা যেন ফুরাতো না। অবশেষে ২৮ বছর পর সেই অপেক্ষার অবসান হলো। আর্জেন্টিনা জিতল কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা।
ফুটবল-বিধাতাই হয়তো ঠিক করে রেখেছিলেন, এমন একটা ম্যাচেই হবে মেসির আজন্ম অপেক্ষার অবসান। এর চেয়ে বড় কোনো উপলক্ষ তো আর হতে পারত না! নেইমার আন্তর্জাতিক ক্যারিয়ারে আলো ছড়াতে শুরু করার পর থেকে মেসি বনাম নেইমারের একটা ফাইনালের অপেক্ষায় ছিল ফুটবল। কিন্তু বিশ্বকাপে তো তেমনটা কখনোই হয়ইনি, কোপা আমেরিকাও এমন কিছু দেখেনি। আজ মারাকানায় হলো প্রথমবার।
তাতে নেইমার-মেসি দুজনই কাঁদলেন। নেইমারের কান্নাটা তাঁর ব্রাজিলের হয়ে বড় কোনো শিরোপার এত কাছে এসেও সেটি ঘোচাতে না পারার, মেসির কান্নায় জুড়ে আছে অনেক কষ্টের শেষে সব পাওয়ার স্বর্গীয় আনন্দ।
কোপা আমেরিকায় এটি আর্জেন্টিনার ১৫ তম শিরোপা। শিরোপাসংখ্যায় এখন যৌথভাবে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা ও উরুগুয়ে। এই জয়ের মধ্যদিয়ে লিওনেল মেসির শিরোপা-খড়ার অবসান হলো। ক্লাব পর্যায়ের সব কিছু জেতা মেসি এবার ট্রফি জিতলেন নিজ দেশ আর্জেন্টিনার হয়েও।























