নীলফামারীর সৈয়দপুরে শহরে পারিবারিক কলহের জের ধরে হারপিক পান করে শামীম হোসেন (৩৮) নামে তিন সন্তানের জনক আত্মহত্যা করেছেন। বুধবার রাতে পৌরশহরের গোলাহাট রেলওয়ে কলোনির উর্দুভাষী ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শামীম হোসেন ওই মহল্লায় কাপড় সেলাইয়ের কাজ করতেন। তিনি স্ত্রী-সন্তান নিয়ে যৌথ পরিবারে বসবাস করেন। আর্থিক অনটনসহ বিভিন্ন কারণে শামীম হোসেনের পরিবারে দ্ব›দ্ব-কলহ লেগেই থাকত। ঘটনার দিন বিকেলে তিনি পরিবারের সবার অগোচরে পুরো এক বোতল হারপিক পান করেন। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করান। সেখানে তার শারীরিক অবস্থা আরও অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে বুধবার রাতে তার মৃত্যু হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, শামীম হোসেন নামের ওই ব্যক্তির কী কারণে মৃত্যু হয়েছে তা তার পোস্টমর্টেম রিপোর্ট ও তদন্তের পরেই সঠিক বলা যাবে।






















