বগুড়ার শেরপুর উপজেলার ৩ নম্বর খামারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে গতকাল শুক্রবার রাতে শেরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন এক গৃহবধূ।
অভিযুক্ত আব্দুল ওহাব খামারকান্দি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। সে একই ইউনিয়নের খামারকান্দি গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।
ভুক্তভোগী ও মামলা সুত্রে জানা গেছে, বছর খানেক আগে ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাবের এক আত্মীয়কে ৫০ হাজার টাকা ধার দেন ওই গৃহবধূ। দীর্ঘদিন চেষ্টা করেও পাওনা টাকা উদ্ধারে ব্যর্থ হন তিনি। সঠিক বিচারের আশায় এ বিষয়ে চেয়ারম্যান ওহাবের কাছে বিচার প্রার্থনা করেন ওই নারী।
গত বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেলে টাকা উদ্ধার বিষয়ের অগ্রগতি জানতে চেয়ারম্যানের মোবাইলে কল করলে চেয়ারম্যান ওহাব ওই গৃহবধূকে আশ্বস্ত করেন শুক্রবার সন্ধ্যায় উভয় পক্ষের উপস্থিতিতে শেরপুর পৌর এলাকার জগন্নাথ পাড়ায় চেয়ারম্যানের ভাড়া বাসায় বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করে দিবেন। চেয়ারম্যানের কথা মতো স্বরল বিশ্বাসে শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যার দিকে ওই নারী শেরপুর শহরে চেয়ারম্যানের ভাড়া বাসায় উপস্থিত হলে বাসায় কেউ না থাকার সুযোগে চেয়ারম্যান ওহাব ওই নারীকে জোরপুর্বক ধর্ষণ করেন।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেয়া হয়েছে। ভিকটিমের নিরাপত্তা নিশ্চিত করে তাকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়ছে।
আসামী গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















