মহামারী আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনার সংক্রমণ ক্রমশ বেড়েই চলছে। এ মুহূর্তে করোনায় আক্রান্ত রোগিদের শ্বাসকষ্ট নিবারণে সবচেয়ে বেশি প্রয়োজন অক্সিজেনের। বর্তমান সময়ে সোনার হরিণের ন্যায় মূল্যবান এ অক্সিজেন সহজলভ্য নয়। তাই করোনার এই দুঃসময়ে অক্সিজেন সিলিন্ডার নিয়ে করোনায় আক্রান্ত রোগীদের পাশে দাঁড়িয়েছেন মানবিকতার ফেরিওয়ালা বন্ধন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ কামরুজ্জামান কামরুল।
আজ (৩১-জুলাই) শনিবার দুপুর-১ টায় মো. কামরুজ্জামান কামরুল এর ব্যক্তি উদ্যোগে স্বাস্থ্য সেবায় রোল মডেল হালুয়াঘাটের জয়রামকুড়া হাসপাতালের মেডিকেল সুপারিন্টেন্ডেন্ট লুসি দারিং এর হাতে দুটি অক্সিজেন সিলিন্ডার, অক্সিমিটার, ট্রলি, অক্সিজেন ফ্লো-মিটার, হ্যান্ড স্যানিটাইজার, সার্জিক্যাল মাস্ক ও নগদ দশ হাজার টাকা তুলে দেন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জুগলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুল হাসান, ইউপি সদস্য মো. আবুল কাশেম, ছাত্রলীগের কেন্দ্রীয়-উপ কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক সারোয়ার আলম, গারো স্টুডেন্ট ইউনিয়ন (গাসু) কেন্দ্রীয় কমিটির সভাপতি নিপুন মানকিন ও হাসপাতালের স্টাফ ও গণমাধ্যমকর্মীরা।
বর্তমান করোনা পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছে । এমনি একটি মুহূর্তে বন্ধন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. কামরুজ্জামান কামরুল করোনায় আক্রান্ত রোগীদের জন্য এই সহযোগিতা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। তার মতো সমাজের সচ্ছল ও বিত্তবান ব্যক্তিদের বর্তমান দুর্যোগময় মুহুর্তে এগিয়ে আসা অত্যন্ত প্রয়োজন এমনটি জানিয়েছেন জয়রামকুড়া হাসপাতালের মেডিকেল সুপারিন্টেন্ডেন্ট লুসি দারিং।






















