করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালকে কোভিড ডেডিকেট হাসপাতাল হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার দুপুরে করোনাভাইরাস প্রতিরোধ জেলা কমিটির সভাপতি জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লফিত বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মানিকগঞ্জ জেলায় গত কয়েকদিন ধরে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়ে চলেছে। এছাড়া হাসপাতালের ১০০ বেডে রোগীর সংখ্যাও বেশি হয়ে গেছে এবং যারা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন তাদের অনেকে মারা যাচ্ছেন। করোনা আক্রান্তরা যাতে চিকিৎসা পায় এবং মৃত্যু না হয় সেজন্য পুরো হাসপাতালকে কোভিড ডেডিকেট হাসপাতাল হিসেবে ব্যবহার করা হবে।
কমিটির সদস্য সচিব জেলা সিভিল সার্জন ডা: আনোয়ারুল আমিন আখন্দ বলেন, আগামী ৩রা আগষ্ট থেকে জেলা হাসপাতালটি করোনা রোগীদের জন্য ব্যবহার করা হবে এবং শুধুমাত্র জরুরি বিভাগ খোলা থাকবেন। এখন যারা হাসপাতালে ভর্তি আছেন, তারা চিকিৎসা নিতে পারবেন। সেই সাথে বর্হিঃবিভাগের আসা রোগীর জন্য মানিকগঞ্জ কর্ণেল মালেক কলেজে যাওয়ার জন্য বলা হয়েছে।
গতকাল রবিবার করোনাভাইরাস প্রতিরোধ কমিটির আলোচনা সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে তিনি আরো জানান।
প্রসঙ্গত, মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ১০০টি শয্যা কোভিড ডেডিকেট হাসপাতাল হিসেবে ব্যবহার করা হয়েছিল।
বিজনেস বাংলাদেশ/বিএইচ






















