ঠাকুরগাঁওয়ে পুলিশ সদস্যের এমন বিদায় কেউ দেখেনি আগে। পুলিশ সদস্য মো. আজিজার রহমান (৬০) সাইত্রিশ বছর চাকরি জীবন শেষ করেছেন বুধবার। এদিন বিকালে জাঁকজমকভাবে পুলিশ সদস্যরা তাদের সহকর্মী আজিজার রহমানকে বিদায় জানিয়েছেন। এই প্রথম ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানা পুলিশয় কোনো সদস্যকে বিদায় জানানো হলো।
বিদায়ী পুলিশ আজিজার রহমান ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায়র পৌর শহর রঘুনাথপুর গ্রামের বাসিন্দা।
বুধবার দুপুরে পীরগঞ্জ থানার ইনচার্জ অফিসার প্রদীপ কুমার রায় জানান, আজিজার ৩৭ বছর সততার সঙ্গে চাকরি করে স্বেচ্ছায় অবসর নিয়েছেন। একজন ভালাে ও নামাজি মানুষ ছিলেন। আইনের প্রতি শ্রদ্ধা রেখে অন্য পুলিশ সদস্যের সঙ্গে সুসম্পর্ক রেখেছিলেন। বিদায় বেলায় তাকে সরকারি গাড়িটি ফুল দিয়ে সাজিয়ে তার বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে।
বিদায়ী অশ্রুসিক্ত আজিজার রহমান জানান, চাকরি জীবনে আমি কখনও দায়িত্বে অবহেলা করিনি। সহকর্মীদের সঙ্গে ভালাে সময় কেটেছে। কয়েক বছর দেখে আসছি বড় বড় পুলিশ কর্মকর্তাদের ঢাকঢােল পিটিয়ে বিদায় দেয়া হয়। কিন্তু একজন সাধারণ পুলিশ সদস্যকে এভাবে বিদায় জানাবে কল্পনাও করিনি। আমি ধন্য, আমি কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, বিদায়ের সময় নানা উপহার, সংবর্ধনা ও পীরগঞ্জ পুলিশ, সার্কেল এএসপি ও ওসি সাহেবের শ্রদ্ধা ও ভালােবাসা পেয়ে আমি খুবই আনন্দিত। আগামীতে অন্য পুলিশ সদস্যদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
এ সময় সার্কেল এএসপি আহসান হাবীব, পীরগঞ্জ থানার ইনচার্জ অফিসার প্রদীপ কুমার রায়, পুলিশ পরিদর্শক তদন্ত খাইরুল আনাম, এসআই, এএসআইসহ থানার সকল পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।






















