পদ্মায় স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগছে ফেরি পারাপারে। এতে নৌপথ পারাপারে বেড়েছে ভোগান্তি।
পাটুরিয়া ঘাট এলাকায় তিন শতাধিক সাধারণ পণ্যবাহী ট্রাক, শতাধিক দূরপাল্লার বাস ও ছোট গাড়ি নৌপথ পারাপারের অপেক্ষায় রয়েছে। যাত্রীদের ভোগান্তির বিষয়টি বিবেচনা করে অগ্রাধিকার ভিত্তিতে বাস ও জরুরি পণ্যবাহী গাড়ি পারাপার করছে কর্তৃপক্ষ।
শনিবার (১৪ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডবিøউটিসি’র আরিচা কার্যালয়ের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডবিøউটিসি) আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) জিল্লুর রহমান বলেন, কয়েকদিন ধরেই নদীতে স্রোতের কারণে ফেরি চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে। ফেরি পারপারে সময় বেশি লাগার কারণে ফেরির ট্রিপের সংখ্যাও কমে গেছে। তাই ঘাট এলাকায় অপেক্ষমান যানের সংখ্যা বাড়ছে।
তিনি আরো বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক রাখতে মাওয়া ঘাট থেকে চারটি ফেরি আনা হয়েছে। সবমিলে ছোট বড় ১৮টি ফেরি চলাচল করছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ






















