কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারীর চরে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা একটার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের দক্ষিণ খারিজারথাক গ্রামে এ ঘটনা ঘটে।’
বাড়ির পাশের জলাশয়ে ডুবে সিয়াম (৭) ও ঝুমা আক্তার (৭) নামে ওই দুই শিশু মৃত্যু হয়। নিহত শিশু সিয়াম একই গ্রামের ছিদ্দিক মোল্লার ছেলে ও ঝুমা আক্তার মনি জমাদারে মেয়ে।
চিলমারী ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আহমেদ জানান, বন্যার পানিতে বাড়ির আশপাশের জলাশয় ভরে উঠলে সেই পানিতে খেলতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বাড়ির লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।




















