মুরগি চুরির অপবাদ সইতে না পেরে দিনাজপুরের পার্বতীপুরে গলায় ফাঁস দিয়ে মোরসালিন রাকিব বাবু (১৬) নামে এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছে। গত শনিবার ভোর রাতে উপজেলার রামপুর ইউনিয়নের রঘুনাথপুর চয়েনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের দিনমজুর মতিউর রহমানের ছেলে। মোরসালিন স্থানীয় ফকিরবাজার এলাকার নুরুল মজিদ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির ছাত্র ছিলো।
গ্রামবাসীরা জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মোরসালিন একই গ্রামের মোহাম্মদ আলী (৭০) এর বাড়িতে মুরগি চুরির ঘটনা ঘটে। এতে মোরসালিন জড়িত বলে দাবি করে মোহাম্মদ আলীর পরিবার। পরে মুরগির খোয়াড় থেকে তিন টি মরা মুরগি উদ্ধার করে সেগুলো নিতে না পেরে মেরে ফেলে পালিয়ে যায় বলে অভিযোগ করে মোহাম্মদ আলীর স্ত্রী নিলুফা বেগম। চুরির ঘটনাটি গ্রামপুলিশ হাফিজুর ও রফিকুলকে জানানো হলে তারা রাত ১০টার দিকে ফকিরের বাজার থেকে মোরসালিনকে আটক করে মোটরসাইকেলে করে মোহাম্মদ আলীর বাড়িতে নিয়ে আসে। এসময় বিপুল সংখ্যক উৎসুক মানুষের ভীড়ে তিনটি মরা মুরগি মোরসালিনের হাতে দিয়ে মোবাইল ফোনে তার ছবি তোলা হয় ও তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেু ছড়িয়ে দেয়ার হুমকি দেয় প্রতিপক্ষের লোকজন। রাত গভীর হওয়ায় দুই গ্রামপুলিশ মোরসালিনকে তার বাবা মা’র জিম্মায় দিয়ে বলে, আগামীকাল সকাল ১০ টায় মুরগি চুরির বিচার হবে। ওই সময় তাকে হাজির করতে না পারলে আপনারা দায়ি থাকবেন। এমন হুমকি দিয়ে তারা চলে যান।
মোরসালিনের বাবা মা ছেলেকে তার শোবার ঘরে রেখে বাহির থেকে তালা লাগিয়ে দেন। শনিবার সকালে ঘুম থেকে না ওঠায় তার মা আরেফা খাতুন জানালা দিয়ে উকি মেরে ছেলের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পার্বতীপুর মডেল থানাপুলিশ বেলা ১ টায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল মর্গে পাঠানো হয় বলে জানিয়েছেন মডেল থানার অফিসার ইনচার্জ ইমাম জাফর।
মোরসালিনের মায়ের দাবি, আমার ছেলেকে শত শত মানুষের সামনে হাতে মরা মুরগি ধরিয়ে দিয়ে ছবি তুলে ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়ায় সে লজ্জায় অপমানে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আমি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার চাই।





















