কলাপাড়ায় মৎস্য বন্দর মহিপুরে গভীর সমুদ্রে জেলেদের জালে ধরা পড়লো বিরল প্রজাতির ৮ টি পাখি মাছ। বুধবার গভীর রাতে বঙ্গোপসাগরের বৈরাগী বয়া সংলগ্ন এলাকায় এফবি মায়ের দোয়া ট্রলারে নুরুন্নবী মাঝির জালে এ পাখি মাছগুলো ধরা পড়ে। ৮ টি মাছের মধ্যে ৩ টির ওজন ৬০ কেজি করে, ৪ টির ওজন ৫৫ কেজি করে ও অপর ১ টির ওজন ৪০ কেজি। বৃহস্পতিবার দুপুরে মহিপুরের আড়ৎ পট্রিতে মাছগুলো বিক্রির জন্য নিয়ে আসা হলে মাছগুলো এক নজর দেখতে ভিড় জমায় স্থানীয়রা।
স্থানীয় সূত্র ও নুরুন্নবী মাঝি এ প্রতিনিধিকে বলেন, প্রায় ১০ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের ৩ টিসহ মোট ৮ টি পাখি মাছ ট্রলারে তুলতে তাদের বেশ বেগ পেতে হয়েছে। মাছগুলো মেসার্স টিপু ফিস মৎস্য আড়দের মাধ্যমে বিক্রি করা হয়েছে বলে তিনি জানান। স্থানীয় মৎস্য ব্যাবসায়ী পিন্টু ভদ্র এ মাছ কিনে নিয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল্লাহ সাংবাদিকদের বলেন, এ এলাকার স্থানীয় মানুষজন এটিকে পাখি মাছ নামে চিনলেও আসলে এটির সাইন্টিফিক নাম সেইল ফিশ। দ্রæতগামী এ মাছ খেতে খুব সুস্বাদু হওয়ায় বাজারে এর চাহিদা রয়েছে ব্যাপক এবং গভীর সমুদ্রে এ মাছ অনেক বেশি পরিমানে দেখা যায় বলে তিনি গনমাধ্যমকে জানান।




















