লোকে বলে শখের তোলা নাকি আশি টাকা। তাতে কি? শখ তো শখই। বেলাব উপজেলার আমলাব গ্রামের রুবেল মিয়া নামে এক যুবক এবার শখ পূরণ করতে হেলিকপ্টারে চড়ে বিয়ে করে শখ পূরণ করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছেন।
জানা যায়, বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের আমলাব গ্রামের মোঃ ধনু মিয়ার ছেলে মোঃ রুবেল মিয়া(২৫)। পেশায় ওয়ার্কসপ ব্যবসায়ী। স্থানীয় আমলাব বাজারে রয়েছে রুবেল মিয়ার ওয়ার্কসপের দোকান। ছোট বেলা থেকেই শখ,তার বিয়ে করবে হেলিকপ্টারে চড়ে।
পারিবারিক ভাবে রুবেল মিয়ার বিয়ে ঠিক হয় পাহাড় উজিলাব গ্রামের গামেন্টসের শ্রমিক সুরুজ মিয়ার মেয়ে ও উজিলাব এ আর সুফিয়া বাতেন ভূইয়া উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেনীর শিক্ষার্থী বৃষ্টি আক্তারের সাথে। রুবেলের শখ অনুযায়ী আশি হাজার টাকায় ভাড়া করা হেলিকপ্টারে চড়ে বর সেজে রুবেল গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় বিয়ে করতে আসেন কনের বাড়িতে। বরের বাড়ি হতে কনের বাড়ির দূরত্ব প্রায় দেড় কিলো। দেড় কিলোমিটার দূরত্বের রাস্তায় হেলিকপ্টার নিয়ে বিয়ে করতে আসা রুবেলের এই ব্যতিক্রমী শখের কাজটি এলাকায় নিয়মিত চাঞ্চল্যের সৃষ্টি করছে। বর রুবেল ও কনে বৃষ্টি আক্তারের গ্রাম ছাড়াও আশেপাশের শত শত মানুষ এই বিয়ে ও হেলিকপ্টার দেখতে ভীড় করেন বর ও কনের বাড়িতে।
কনের পিতা মোঃ সুরুজ মিয়া বলেন,আমার মেয়েকে হেলিকাপ্টার নিয়ে বিয়ে করতে আসায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন সে সুখী হয়।
বর মোঃ রুবেল মিয়া সকলের দোয়া চেয়ে বলেন,মূলত শখ থেকেই হেলিকাপ্টারে চড়ে[ বিয়ে করতে আসা। আমার এই ব্যাপারটি কেউ যেন খারাপ চোখে না দেখে। আমি শুধু শখ থেকেই এটা করেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।
কনের বাড়ির প্রতিবেশি সাংবাদিক মোশারফ হোসেন নীলু বলেন,হেলিকপ্টার নিয়ে বিয়ে করতে আসার ঘটনাটি এলাকায় যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আমরা গ্রামবাসি দোয়া করি বর রুবেল ও কনে বৃষ্টির দাম্পত্য জীবন যেন সুখের হয়।




















