চট্টগ্রামের সীতাকুণ্ডে সুবর্ণ এক্সপ্রেসের ধাক্কায় মো. মাহবুব (১৯) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় সীতাকুণ্ড রেল স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত মাহবুব মুন্সীগঞ্জ জেলার সিরাজদীখান থানার হাসকান্দি মধ্যেরচর গ্রামের দুলাল মিয়ার ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ঢাকা মেইলে সীতাকুণ্ড স্টেশনে এসে নামে মুন্সিগঞ্জের সিরাজদীখান খাইসখান্দি ইসলামীয়া দাখিল মাদ্রাসার একদল ছাত্র। তারা স্টেশনের রং সাইডে এসে নামার পরপরই ঢাকামুখী দ্রুতগামী সুবর্ণ এক্সপ্রেসের ধাক্কা খেয়ে মাহবুব নামের ঐ ছাত্রের মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেে সে মারা যায়। এছাড়া একই ট্রেনের অন্য দুই যাত্রী আহত হয়। এলাকাবাসী আহত দুইজনকে সীতাকুণ্ড হাসপাতালে নিয়ে যায়। নিহত মাহবুবের সহপাঠী মো. হাসান জানান, মাদ্রাসা থেকে তারা ১০ জনের একটি গ্রুপ সীতাকুণ্ডের বিভিন্ন দর্শনীয় স্থান দেখার উদ্দেশ্যে আসেন। কিন্তু স্টেশনে নামার পর পরই দুর্ঘটনায় সহপাঠি মাহবুবকে হারান তারা।
এদিকে ঘটনার খবর পেয়ে সীতাকুণ্ড জিআরপি ফাঁড়ির ইনচার্জ এস. আই তোফাজ্জল ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করেন। তিনি ঘটনা নিশ্চিত করে বলেন, রং সাইডে অসতর্ক হয়ে দাঁড়ানোর কারণে সুবর্ণ এক্সপ্রেসের ধাক্কায় পর্যটকটি ঘটনাস্থলে মারা যায়।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর উদ্দিন রাশেদ বলেন, ট্রেন দুর্ঘটনায় আহত একজন সীতাকুণ্ড হাসপাতালে আসলে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে ৷তবে তিনি আশংকামুক্ত হওয়ায় বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে ৷




















