দৈনিক দেশকাল পত্রিকার নিজস্ব প্রতিবেদক তানিয়া চৌধুরীর বড় ভাই ও দৈনিক বাংলাদেশের আলো’র বিনোদন সম্পাদক প্রবীণ সাংবাদিক সেলিম চৌধুরী আর নেই। গত সোমবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর লালমাটিয়া ইস্টার্ন কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৫ বছর। এ তথ্য সাংবাদিক তানিয়া চৌধুরী নিজেই নিশ্চিত করেছেন। তানিয়া চৌধুরী বলেন, আমার বড় ভাই সেলিম চৌধুরী বেশ কিছুদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন।
প্রথমে তাকে ধানমণ্ডির বাংলাদেশে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার উন্নত চিকিৎসার জন্য রাজধানীর লালমাটিয়ার ইস্টার্ন কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি সকাল সাড়ে ১০টার দিকে মারা যান। সেলিম চৌধুরীর পিতা মরহুম সাইদুর রহমান (সাবেক বিজিবি কর্মকর্তা) ও মা সুরাইয়া খাতুন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা, এক ছেলে, তিন ভাই ও দুই বোন ও মাসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। সোমবার বাদ আসর রায়েরবাজার কবরস্থানে তাকে দাফন করা হয়। প্রবীণ সাংবাদিক সেলিম চৌধুরী ভোরের ডাকসহ বিভিন্ন জাতীয় দৈনিক ও ম্যাগাজিনে কাজ করেছেন।
সাংবাদিকতায় বিনোদন বিভাগে সেলিম চৌধুরীর চলচ্চিত্রের স্বর্ণযুগে তার সাবলীল লেখনীর মাধ্যমে পাঠকদের হৃদয়ে বিশেষ স্থান করে নেন। ব্যক্তিগত জীবনে তিনি খুবই সাদাসিধে, হাসিখুশি ও প্রাণবন্ত একজন মানুষ ছিলেন। তার মৃত্যুতে বিনোদন জগতে শোকের ছায়া নেমে আসে। সেলিম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দৈনিক বাংলাদেশ আলো’র সম্পাদক ও প্রকাশক মো. মফিজুর রহমান খান বাবুসহ বাংলাদেশ আলো পরিবারের সদস্যরা। সাংবাদিক তানিয়া চৌধুরী তার ভাই সেলিম চৌধুরীর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ















