আবুধাবিতে বিশ্বকাপের গ্রুপ দুই এর ম্যাচে পক্ষ দুটো হলেও আগ্রহ জড়িয়ে আছে তিন দলের। একপাশে নিউজিল্যান্ড, অন্য পাশে প্রত্যক্ষ প্রতিপক্ষ আফগানিস্তান হলেও, পরোক্ষভাবে আছে ভারতও।
সোমবার নামিবিয়ার বিপক্ষে ম্যাচ বাকি থাকলেও, নিউজিল্যান্ডের কাছে আফগানিস্তানের পরাজয়ে আজই বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বেজে গেছে ভারতের। অবশ্য শুধু ভারত নয়, আবুধাবির জায়েদ স্টেডিয়ামে কিউইদের ৮ উইকেটের জয়ে বিদায় নিশ্চিত হয়ে গেছে আফগানিস্তানেরও।
দুই সহযোগী সদস্য দেশের বিপক্ষে জয় নিয়েই বিশ্বকাপ থেকে ফিরতে হচ্ছে টি-টোয়েন্টির নবশক্তি আফগানদের। আর পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জিতে গ্রুপ-২ থেকে সেমিফাইনালে পাকিস্তানের সঙ্গী হলো নিউজিল্যান্ড। সেমিতে তাদের প্রতিপক্ষ কারা হবে, তা জানা যাবে রাতের ম্যাচের পর।
অঘোষিত কোয়ার্টার ফাইনালে পরিণত হওয়া ম্যাচটিতে আগে ব্যাট করে ১২৪ রানের মামুলি সংগ্রহ দাঁড় করিয়েছিল আফগানিস্তান। জবাবে রয়েসয়ে খেলে মাত্র দুই উইকেট হারিয়ে ১১ বল হাতে রেখেই ম্যাচ জিতে নিয়েছে কেইন উইলিয়ামসনের দল।
এমন এক ম্যাচে শুরুতে ব্যাট করে আফগানরা তুলতে পেরেছে মোটে ১২৪। ফলে এক ঢিলে দুই পাখি শিকার করতে নিউজিল্যান্ড করেন১২৫ রান।
টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। তবে তাকে সঠিক প্রমাণের কাজটা ব্যাটাররা করতে পারেননি মোটেও। সেই পাওয়ার প্লে থেকেই শুরু ব্যাটিং দীনতার। দুই ওপেনার হজরতউল্লাহ জাজাই আর মোহাম্মদ শাহজাদকে শর্ট বলেই কুপোকাত করেছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট আর অ্যাডাম মিলনে। এরপর ষষ্ঠ ওভারে বিদায় নিয়েছেন রাহমানউল্লাহ গুরবাজও, টিম সাউদির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেন তিনি। তিন জনের বিদায়ের পর পাওয়ার প্লেতেও রান তুলতে পারেনি আফগানরা। ছয় ওভার শেষে উঠেছে কেবল ২৩ রান।
পাঁচে নামা নাজিবউল্লাহ জাদরানের লড়াইয়ের শুরু সেখানেই। প্রথমে গুলবাদিন নাইব আর পরে মোহাম্মদ নবীকে সঙ্গে নিয়ে লড়ে গেছেন একেবারে ডেথ ওভার পর্যন্ত। ৪৮ বলে করেছেন ৭৩ রান। তাতে আফগানদের স্কোরকার্ডটাও পেয়েছে ভদ্রস্থ এক রূপ। তার বিদায়ের পর ডেথ ওভারে রান তুলতে পারেনি দলটি। ২০ ওভার শেষ করেছে ৮ উইকেট হারিয়ে ১২৪ রান তুলে।

























