নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) নৌকার চেয়ারম্যান প্রার্থীসহ ১২ জন প্রার্থীকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত উপজেলা সদরের বিভিন্ন ওয়ার্ডে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সামিন সারোয়ার।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করে নির্বাচনী প্রচার চালানোর দায়ে সদর ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সেলিম খন্দকার ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক চেয়ারম্যান প্রার্থী আবদুল জাব্বারকে ১০ হাজার টাকা করে জরিমানা করে তা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া একই ইউনিয়নের ১০ ইউপি সদস্য প্রার্থীকে একই অপরাধে ৯০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল হক বলেন, উপজেলার প্রতিটি ইউপিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে কোনো প্রার্থীকেই ছাড় দেওয়া হবে না।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















