বঙ্গোপসাগরে ট্রলারে মাছ ধরতে গিয়ে জলদস্যুদের গুলিতে মুসা মিয়া (৩০) নামে এক জেলে নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার দক্ষিণ-পশ্চিমের মান্দারবাড়ীয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মুসা মিয়া পাথরঘাটা উপজেলার চর লাঠিমারা গ্রামের মো. হারুন মিয়ার ছেলে।
ওই ট্রলারে থাকা বেশ কয়েকজন জেলে আহত হয়েছেন। জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের চরলাঠিমারা গ্রামের মো. বাবুল ফকিরের মালিকানা এফবি বাবুল ট্রলারে ১২ জন জেলে মঙ্গলবার রাতে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের মান্দারবাড়ীয়া এলাকায় জাল ফেলে অপেক্ষা করছিলেন। রাত ৯টার দিকে হঠাৎ জেলে বহরে ২৫ থেকে ৩০ জনের সশস্ত্র জলদস্যু বাহিনী হামলা করে। এ সময় ওই ট্রলারে থাকা মাছ ও রসদসহ সব কিছু লুটে নিয়ে যায় তারা। পরে ১২ জেলেকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি ছোড়ে। এ সময় মুসা নামে এক জেলে মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে জলদস্যু বাহিনী দ্রুত ট্রলার চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ওই ট্রলারের মাঝি ও মালিক বাবুল ফকিরের বরাত দিয়ে মোস্তফা চৌধুরী আরও বলেন, ওই জলদস্যু বাহিনী সাতক্ষীরার অঞ্চলের হবে।
কোস্টগার্ডের পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট লুৎফুর রহমান বলেন, আমরা এ রকমের একটি খবর শুনেছি। তাৎক্ষণিক আমাদের ফোর্স পাঠানো হয়েছে।




















