আগের দুই ওভারে যথাক্রমে এসেছে ৩ ও ২ রান। ক্রিজে নতুন দুই ব্যাটসম্যান। ১৫তম ওভারে মোহাম্মদ ওয়াসিমকে বোলিংয়ে এনেছে পাকিস্তান। এ ওভারেও এল মাত্র ২ রান। সর্বশেষ ২১ বলে কোনো বাউন্ডারি নেই বাংলাদেশের।
১৫ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ৮৫।
পাওয়ার প্লে-র শেষ ওভারে বোলিং করেছিলেন হারিস রউফ। এরপর টানা ৭ ওভার স্পিনের পর আবার পেস বোলিং নিয়ে এসেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম, নিয়ে এসেছেন সেই রউফকেই। বদলটাতে সাফল্য এল সঙ্গে সঙ্গেই। থার্ডম্যানে ঠেলে দিতে চেয়েছিলেন মাহমুদউল্লাহ, কিন্তু দ্বিধায় পড়ে গিয়েছিলেন শট খেলতে গিয়ে। বল তাঁর ব্যাটে লেগে গেল উইকেটকিপারের হাতে। ১৫ বলে ১২ রান করে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক।
১৬তম ওভারের তৃতীয় বলে এগিয়ে এসে লং অফে মারতে চেয়েছিলেন মেহেদী। কিন্তু ব্যাটে-বলে হলো না। উল্টো বোলার নওয়াজের হাতে ক্যাচ অনুশীলন করিয়ে ফিরেছেন মেহেদী। ১৭ বলের মধ্যে সর্বশেষ তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ।
১১.৩ ওভার থেকে ১৭.৫ ওভার – ৩৮ বলে কোনো বাউন্ডারি দেখেনি বাংলাদেশের ইনিংস। সেটিও কিনা টি-টোয়েন্টিতে ইনিংসের শেষ দিকে এসে! নওয়াজের বলে মিডউইকেট আর লং-অনের মাঝ দিয়ে সীমানার বাইরে পাঠিয়েছেন নুরুল হাসান। কিন্তু পরের ওভারে শাহিন শাহ আফ্রিদির সামনে পড়তেই আউট নুরুল! চতুর্থ স্টাম্পে ফুল্গ লেংথের বলে পিছু হটে শট খেলতে চেয়েছিলেন নুরুল, কিন্তু ব্যাটের কানায় লেগে বল উইকেটকিপারের হাতে।
১৩ বলে ১১ রান করেছেন নুরুল। ক্রিজে বাংলাদেশের দুই ব্যাটসম্যান এখন লেগ স্পিনার আমিনুল ও পেসার তাসকিন। ১০ বলে ৪ রান করেছেন আমিনুল, তাসকিন মাত্রই এসেছেন ক্রিজে।

























