তাসকিন চোটে পড়ায় এমন অবস্থা যে, তাসকিন ৩.১ আর শহিদুল ৩.৫ ওভার করতে হলো। আর কোনো বোলার না থাকায় মাহমুদউল্লাহ এলেন শেষ ওভারে।
প্রথম বলে রান হয়নি। দ্বিতীয় বলে উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিডউইকেটে ক্যাচ আউট সরফরাজ।
তৃতীয় বলে আবার উইকেট! এবার সবচেয়ে বড় শিকার! উড়িয়ে মারতে গিয়ে লং অনে ক্যাচ আউট হায়দার! ৩ বলে ৮ রান দরকার পাকিস্তানের। হ্যাটট্রিকের সম্ভাবনা মাহমুদউল্লাহর সামনে!
নতুন ব্যাটসম্যান খুশদিল শাহ। ক্রিজে ইফতিখার। হ্যাটট্রিক নয়, হলো ছক্কা! বোলারের মাথার ওপর দিয়ে বাউন্ডারির ওপারে ফেললেন ইফতিখার। ২ বলে ২ রান দরকার পাকিস্তানের।
পঞ্চম বলে আবার উইকেট! উড়িয়ে মারতে গিয়ে আউট রিজওয়ান। ব্যাটের কানায় লেগে ধরা পড়লেন গালিতে।
১ বলে দরকার ২ রান। স্ট্রাইকে বাঁহাতি ব্যাটসম্যান নওয়াজ। কী হবে ম্যাচে? বাংলাদেশ জিতবে, নাকি পাকিস্তান? নাকি টাই হবে?
নাটক আরও জমিয়ে দিলেন নওয়াজ। স্টান্স নেওয়ার পর মাহমুদউল্লাহ যখন বল ছাড়ছেন, তখন হঠাৎ সরে গেলেন নওয়াজ। বল স্টাম্পে লাগল বটে, কিন্তু ডেড বল।
এবার মাহমুদউল্লাহ ‘খেললেন’ মনস্তাত্বিক খেলা! বল করতে এসেও শেষ পর্যন্ত বল ছাড়লেন না।
এবং হার! শেষ বলে চার মেরে পাকিস্তানকে জিতিয়ে দিলেন নওয়াজ। এক্সট্রা কাভার দিয়ে উড়িয়ে মেরেছেন নওয়াজ, সেখানে ফিল্ডার ছিল না। বল সীমানার বাইরে। পাকিস্তান ৫ উইকেটে জিতল।

























