প্রায় ৮৬ কোটি টাকা ঋণ ও ১০৮ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে নাটোরের লালপুরের ভারী শিল্প প্রতিষ্ঠন গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলের ২০২১-২০২২ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৬ নভেম্বর) বিকেলে নর্থ বেঙ্গল সুগার মিলের সুগার কেইন চত্তরে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) আরিফুর রহমান অপুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সচিব চৌধুরী রুহুল আমিন কায়সার, অত্র মিলের মহাব্যবস্থাপক হুমায়ুন কবীর, শহীদ মমতাজ উদ্দিনের ছেলে শামীম আহমেদ সাগর,আখচাষি নেতা আনছার আলী দুলাল, নর্থ বেঙ্গল সুগার মিলের সিবিএ সভাপতি গোলাম কাউসার, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু, গোপালপুর পৌর আওয়ামী লীগের ( একাংশের) সভাপতি সাইদুর রহমান সাধারণ সম্পাদক রোকোনুল ইসলাম, লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা প্রমুখ।
মিল সূত্রে জানা যায় চলতি মৌসুমে মিলের নিজস্ব খামারে ২ হাজার ৩০০ একর এবং চাষীদের ১৪ হাজার ৫০০ একর জমিতে আখ চাষ করা হয়েছে। আখের মোট উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৮২ হাজার মেট্রিক টন। এর মধ্যে ১ লাখ ৩ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ১৩ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৭০ কর্মদিবসে চিনি আহরণের হার ধরা হয়েছে ৬ দশমিক ৫ ভাগ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















