নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে বাইক আরোহী আবু সুফিয়ানকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা মামলার প্রধান আসামী মো.সাইদ আহমেদ টিটু (৩৩) কে শরীয়তপুর থেকে গ্রেফতার করেছে র্যাব-১১। মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) দুপুরে তাকে গ্রেফতারের পর সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। সে রাজধানীর বংশাল থানাধীন আগামাসি লেন এলাকার মো. বাহাউদ্দিনের ছেলে। এর আগে গত শনিবার (২২ জানুয়ারী) সন্ধায় উক্ত মামলার আরো ৩ আসাসী মো. সবুজ,মো.শাকিল এবং মো. জাহিদুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। পরদিন রোববার (২৩ জানুয়ারী) ৫ দিনের রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। আবু সুফিয়ান হত্যায় জড়িত বাসের যাত্রীরা ঢাকার গুলিস্তানের বঙ্গবাজার মার্কেট এলাকার সিটি প্লাজার কর্মচারী বলে জানিয়েছে পুলিশ। ঘটনার রাতে তারা বনভোজনে কক্সবাজার যাচ্ছিল।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম জানান,আসামী মো. সাইদ আহমেদ টিটুকে শরীয়তপুর থেকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করেছে র্যাব-১১। আগামীকাল (বুধবার) তাকে আদালতে প্রেরণ করা হবে।
উল্লেখ্য,গত ১৯ জানুয়ারী দিবাগত রাত সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় পিডিকে পাম্পের সামনে আবু সুফিয়ানকে পিটিয়ে হত্যা করে ঢাকা-চট্টগ্রামগামী সি.ডি.এম ট্রাভেলস বাসের চালক ও যাত্রীরা। এ ঘটনায় সুফিয়ানের চাচা জজ মিয়া বাদি হয়ে ওই বাসের চালক-হেলপারসহ ২০/২৫ জনকে অজ্ঞাত আসামী করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা (নং-৩৭) দায়ের করেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















