নারায়ণগঞ্জের বন্দরে মশার কয়েল ও মুড়ি উৎপাদন কারখানাসহ তিনটি বৃহৎ প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কতৃপক্ষ। একই সাথে একটি কারখানাকে ৮০ হাজার টাকা আর্থিক জরিমানা ও আরেকটি কারখানার বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিষ্ট্রেট বন্দর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ফাতেমাতুজ জোহরার নেতৃত্বে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত উপজেলার গোকুলদাশেরবাগ এলাকায় এই অভিযান পরিচালিত হয়। বন্দর থানা পুলিশ অভিযানে সহায়তা করে। শুরুতে নুরুজ্জামান চৌধুরির মালিকানাধীন আবিদ এন্ড ব্রাদার্স নামে মুড়ি উৎপাদনকারি কারখানাটির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ সবগুলো চুলা ভেংগে দেয়া হয়। এ সময় অবৈধভাবে তিতাস গ্যাসের সংযোগ নেয়ায় প্রতিষ্ঠানটিকে নগদ ৮০ হাজার টাকা আর্থিক জরিমানা ও অনাদায়ে আটককৃত দুই কর্মচারিকে এক মাসের জেল প্রদান করা হয়। পরে একই এলাকায় শাহনাজ বেগমের মালিকানাধীন সাব্বির কেমিক্যাল ওয়ার্কস এর গুড ফাইট সুপার জাম্বো নামে মশার কয়েল উৎপাদনকারি কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। সেখানেও গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে তিতাস কতৃপক্ষ।
এসময় নির্বাহি ম্যাজিষ্ট্রেটের নির্দেশে পুলিশ কারখানার মালিকের পুত্রকে আটক করে। পরে পার্শ্ববর্তী আরো একটি কয়েল কারখানার অবৈধ গ্যাস সংযোগ কেটে দেয়া হয়।তিতাসের সোনারগাঁও আঞ্চলিক বিপনন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মোঃ সুরুজ আলম জানান,এই তিনটি প্রতিষ্ঠানে ঝুঁকিপূর্ণ পাইপ ও রাইজাররের মাধ্যমে গত কয়েক বছর যাবত অবৈধভাবে উচ্চ চাপের গ্যাস সংযোগ নিয়ে উৎপাদন অব্যাহত ছিল। প্রতি মাসে তারা কমপক্ষে তিন থেকে চার লাখ টাকার গ্যাস চুরি হয়ে আসছে।
তিনি জানান,এসব কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে পাইপ ও রাইজারসহ যাবতীয় সরঞ্জাম জব্দ করা হয়। পর্যায়ক্রমে এই অঞ্চলের সকল অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিতাসের এই কর্মকর্তা।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
না’গঞ্জে তিন প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন আটক-১
-
এস.কে মাসুদ রানাঃ- - প্রকাশিত : ০৮:১৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
- 62
ট্যাগ :
জনপ্রিয়




















