টাঙ্গাইলে ভূঞাপুরে বালু মহাল দখল নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে। গত ৩ জানুয়ারি ভ‚ঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বাদি হয়ে ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৮০০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওহাব বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে মামলা দায়েরের পর থেকেই এলাকায় গ্রেপ্তার আতংক দেখা দিয়েছে এলাকাবাসির মধ্যে। এ কারনে অনেক পুরুষ এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত বুধবার ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের বাগানবাড়ি এলাকায় বালু মহাল দখল করতে যায় সাবেক ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ আব্দুল মতিন সরকার ও তার লোকজন। খবর পেয়ে বাধা দেয় বর্তমান নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বহিস্কৃত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাসুদুল হক মাসুদের সমর্থকরা। এসময় পুলিশের উপস্থিতিতেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গুলি বর্ষণের ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষকে প্রতিহত করতে ৪ রাউন্ড গুলিও করা হয়। সংঘর্ষে উভয়পক্ষের ১০জন আহত হন।
পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সাত রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে দুই পক্ষের লোকজনদের ছত্রভঙ্গ করে দেয়। পলশিয়া গ্রামের কৃষক রমজান আলী বলেন, আগের মত এখন আর শুষ্ক মৌসুমে যমুনায় জেগে উঠা চরে চাষাবাদ করা যায় না। বালু ব্যবসায়ীরা জেগে উঠা চর কেটে বিক্রি করছে। প্রভাবশালীদের ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না।
পাটিতাপাড়ার মোখলেছুর রহমান বলেন, বালু ঘাট দখল নিতে জনপ্রতিনিধিরা সংঘর্ষে লিপ্ত হওয়ায় প্রাণহানির ঘটনা ঘটছে। বালুবাহী ট্রাক চলাচল করায় গ্রামীণ রাস্তাগুলো নষ্ট হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সদস্য জানান, বালুর ঘাট দখল নিতে সাবেক ও বর্তমান চেয়ারম্যানের লোকজনের সাথে সংঘর্ষ বাঁধে। এতে দেশীয় অস্ত্রসহ সেখানে পিস্তল ব্যবহার করা হয়। সংঘর্ষে চলাকালীন একপক্ষ থেকে ৪ রাউন্ড গুলি করা হয়। এতে সেখানকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে ছিল।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওহাব জানান, সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদি হয়ে দুই পক্ষের ৫৯জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সংঘর্ষের সময় গুলি করার কোন ঘটনা ঘটেছে কিনা সেটা তদন্ত হচ্ছে। সংঘর্ষের সময়ের ভিডিও দেখে আসামী শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনায় বালু ঘাট ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















