বর্তমান সময়ে রোমান্টিক প্রেম ও শিক্ষামুলক গল্প নিয়ে নির্মিত হচ্ছে বেশির ভাগ নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। যা সহজেই দর্শকপ্রিয় হয়ে উঠছে। এরই মধ্যে ভালবাসার একটি গল্প নিয়ে আখলাছ আহমেদ প্রিয় নির্মাণ করেছেন নাটক ‘পথের ফুল’। যা ১৪ ফেব্রয়ারী ‘বিশ্ব ভালবাসা দিবস’ উপলক্ষে রাত ৮ টায় ইউটিউব চ্যানেল বেঙ্গল এফ টিভিতে সম্প্রচার করা হবে।
সম্প্রতি সিলেটের শ্রীমঙ্গলের বিভিন্ন স্পটে নাটকটির চিত্রায়ন করা হয়। বেঙ্গল এফ টিভির পরিবেশনায় ও আখলাছ আহমেদ প্রিয়’র পরিচালনায় নাটকটির প্রযোজনা করেছেন সাইফ-ই-রহমান তন্ময়। এতে অভিনয় করেছেন, প্রিয়, আলো, টনি, আমির, জহুরুল, মাহিন, শুভ, রায়হান, আব্দুল হক, সোহেল, ইজ্জত ও শিশু শিল্পী দাহি।
আখলাছ আহমেদ প্রিয় জানান, নিজেকে একজন ভাল অভিনয় শিল্পী হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছেন তিনি। ভাল গল্পের কাজ পেলে চমক দেখাবেন বলেও তিনি আশাবাদি। পথের ফুল তার দ্বিতীয় নাটক। এর আগেও তিনি ‘ত্রিভূজ প্রেম’ নামে আরেকটি নাটক নির্মাণ করেন। তিনি পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা নিবেদিত ও সৈয়দ রাশিদুল হক রুজেন পরিচালিত সচেতনতামূলক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘উত্যক্ত’, ‘পরিণতি’, ‘দ্যা মিশন’, ‘নেশা’ ও ‘পরিণাম’-এ বিভিন্ন চরিত্রে কাজ করেছেন। এছাড়াও তিনি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভালবাসার মৃত্যু’, নাটক ফুলমতি, বাপ বেটার ফুটানি ও মাহফুজ আলম-এর ‘পাপ’ নাটকেও কাজ করেছেন তিনি।
বিজনেস বাংলাদেশ/ এ আর

























