শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফ কর্তৃক ধরে নিয়ে যাওয়া কৃষক জয়নাল আবেদীন (৫০) কে ফিরিয়ে আনতে বুধবার বিকেলে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে তাওয়াকুচা ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ফরিদ সরদার এবং বিএসএফের পক্ষে বেলাবর বিএসএফ ক্যাম্পের কমান্ডার এসআই এসপি সিং নেতৃত্ব প্রদান করেন।
বৈঠকে বিএসএফ জানায়, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে তাকে আটক করে ডালু থানায় সোপর্দ করা হয়েছে।
গত ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে উপজেলার কাংশা ইউনিয়নের তাওয়াকোচা ভারত বাংলাদেশ ১১০০ সীমান্ত পিলারের কাছে থেকে টহলরত ভারতের বেলাবর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।
জয়নাল আবেদীন পাশ্ববর্তী শ্রীবরদী উপজেলার সিঙ্গাবরুনা ইউনিয়নের খাড়ামুড়া গ্রামের মৃত শাহ আলীর ছেলে।
জয়নাল আবেদীনের পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে গরুর জন্য ঘাস কাটতে যান জয়নাল আবেদিন। সন্ধ্যার দিকে তারা জানতে পারেন, জয়নালকে বিএসএফ সদস্যরা ধরে নিয়ে গেছে। পরে পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যদের বিষয়টি জানানো হয়।
ঝিনাইগাতী উপজেলার নকশী সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার সুবেদার মো. আব্দুল হাই পতাকা বৈঠকের সত্যতা নিশ্চিত করে জানান, জয়নাল আবেদীনকে ফিরিয়ে আনতে বেলাবর বিএসএফ ক্যাম্পের সাথে বুধবার পতাকা বৈঠকে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিএসএফ জানিয়েছে, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে তাকে ভারতীয় আদালতে সোপর্দ করা হয়েছে। হাজতবাসের পর তাকে দেশে ফেরত দেওয়া হবে।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















