নওগাঁর মান্দা উপজেলার সীমান্তবর্তী এলাকা কচুকুড়ি গ্রামের জমজ দুই ভাই ঈশ্বরদীর জমজ দুই বোনকে বিয়ে করায় তাদের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
শনিবার (২৬ ফেব্রুয়ারি ) দুপুরে পাবনার ঈশ্বরদী দড়িনারিচা গ্রামে মেয়ের বাবার বাড়িতে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে হয়। পাবনার পাবনার ঈশ্বরদী দড়িনারিচা গ্রামের আব্দুল কুদ্দুসের দুই মেয়ে সাদিয়া খানম (২০) ও নাদিয়া খানম (২০) জমজ।
অপরদিকে নওগাঁর মান্দা -মহাদেবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকার অন্তর্গত সফাপুর ইউনিয়নের কচুকুড়ি গ্রামের সেকেন্দার আলী মন্ডলের জমজ দুই ছেলে সেলিম মাহমুদ (৩০) ও সুলতান মাহমুদ (৩০) জমজ। তাদের দুজনের একসাথে বিয়ের বেশকিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এরপর অত্র এলাকায় জমজ জমজ দুই ভাইয়ের সঙ্গে দুই বোনের বিয়ের খবর ছড়িয়ে পড়লে তাদের এক নজর দেখতে বিয়ে বাড়িতে ভীড় জমান স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, সেলিম ও সুলতান জমজ দুই ভাই রাজশাহী কলেজ থেকে হিসাব বিজ্ঞানে মাস্টার্স পাশ করার পর প্রাণ- আরএফএল কোম্পানীতে চাকরি পান। সেলিম বর্তমানে প্রাণ- আরএফএল কোম্পানীতে কুমিল্লায় জোনাল ম্যানেজার হিসেবে এবং সুলতান একই কোম্পানীতে একই পদে দিনাজপুরে কর্মরত আছেন। অন্যদিকে সাদিয়া ও নাদিয়া দুইজনই ঈশ্বরদী সরকারি কলেজে এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী।
সম্প্রতি পারিবারিকভাবে দুই পরিবারের মধ্যে বিয়ে নিয়ে আলোচনা ও দেখাদেখির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এবং বিয়ের কথা পাকাপাকি হয়।
এরপর শনিবারে ৩ লাখ টাকা কাবিন নামায় জমজ দুই বোনের সাথে জমজ দুই ভাইয়ের বিয়ে হয়। এসময় দুই পক্ষের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
জমজ দুই ভাইয়ের আপন বোন জামাই ( দুলাভাই) কামরুজ্জামান বলেন, জমজ দুই ভাইয়ের জন্য ওদের এক বান্ধবীর মাধ্যমে জমজ দুই মেয়ের সন্ধান পাওয়া যায়। ছেলেরাও মাস্টার্স শেষে করে একটি কোম্পানী চাকরি করছে আবার মেয়েগুলোও শিক্ষিত। কাকতালীয়ভাবে মিলে যাওয়ায় সবার সম্মতিক্রমে সীমিত পরিসরে তাদের বিয়ের কাজ সমপন্ন করা হয়েছে।
নব বিবাহিত উভয় দম্পতিরা তাদের দাম্পত্য জীবনের জন্য সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















