দেশের প্রথম ও বৃহত্তম ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ আবারও নিয়ে এলো বঙ্গ বব (বেজড অন বুক) সিজন-২। এবারের বব সিজনের টেলিফিল্ম ‘ফ্রিল্যান্সার নাদিয়া’তে একটি বিশেষ দৃশ্যে অভিনয় করেছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। টেলিফিল্মটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী।
বব সিজন-২ এর মধ্য দিয়ে বঙ্গ এই ঈদে নিয়ে এসেছে জনপ্রিয় সাতটি বইয়ের গল্প নিয়ে সাতটি টেলিফিল্ম। এর মধ্যে রয়েছে লেখক ও সাংবাদিক রাহিতুল ইসলামের উপন্যাস ’ফ্রিল্যান্সার নাদিয়া’। টেলিফিল্মটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত ও নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী। এছাড়া অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দীপ, শামীমা নাজনীনসহ অনেকেই।
নারীর ক্ষমতায়নের ওপর নির্মিত এই টেলিফিল্মে বিশেষ দৃশ্যে অভিনয় করেছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এর আগেও বঙ্গ বব সিজন-১ এ ‘চরের মাস্টার’ টেলিফিল্ম এর প্রচারণায় এক বিশেষ লাইভ প্রোগ্রামে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী উপস্থিত থেকে বঙ্গ বব টিমকে উৎসাহ দিয়েছিলেন।
‘ফ্রিল্যান্সার নাদিয়া’ টেলিফিল্মটির গল্প এগিয়েছে এক মেধাবী ও সংগ্রামী গৃহবধূকে ঘিরে, যে শ্বশুরবাড়ির সমস্যায় জর্জরিত হয়ে ও আর্থিক সচ্ছলতা আনতে প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হয়ে একজন ফ্রিল্যান্সার হিসেবে গ্লোবাল মার্কেটপ্লেসে কাজ করা শুরু করে। কিন্তু এখানেই তার সংগ্রাম শেষ হয় না, জীবনে আসে এক অনাকাঙ্খিত মূহুর্ত।
‘ফ্রিল্যান্সার নাদিয়া’ একটি অনুপ্রেরণামূলক টেলিফিল্ম বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। তিনি বলেন, দেশের বিভিন্ন গ্রামাঞ্চলে আমি যখন যাই এবং নারীদের সাথে আমার কথাবার্তা হয়, তখন বুঝতে পারি তাদের বেশিরভাগই দাম্পত্য জীবনে দায়িত্বের অদৃশ্য শৃঙ্খলে আবদ্ধ জীবন যাপন করে। তাদের ইচ্ছা হয় পড়ালেখা করার বা অর্জিত শিক্ষাকে কাজে লাগিয়ে পরিবার ও দেশের উন্নয়নে অবদান রাখার। সেরকম একটি অবস্থান থেকে নারীদের জন্য রাহিতুল যে অসাধারণ প্রেক্ষাপটে তার গল্প সাজিয়েছেন ও বঙ্গ সেই গল্প পর্দায় ফুটিয়ে তুলতে নির্বাচন করেছে, তারা উভয়ই প্রশংসার দাবীদার।
বঙ্গ’র চিফ কন্টেন্ট অফিসার জনাব মুশফিকুর রহমান মঞ্জু বলেন, সাহিত্যের গল্পগুলো আমাদের জীবনেরই প্রতিচ্ছবি। আমাদের দীর্ঘদিনের ইচ্ছে ছিল প্রথাগত ধারার বাইরে জীবনমুখী সাহিত্য নিয়ে কাজ করার। সেই লক্ষ্যকে সামনে নিয়েই আমরা আবারও ফিরে এসেছি বঙ্গ বব সিজন-২ নিয়ে।
তিনি বলেন, বঙ্গ বব সিজন-১ এ আমরা দর্শকদের যে আস্থা ও ভালোবাসা পেয়েছি তা এবারও অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী। এছাড়াও আমি কৃতজ্ঞতা জানাই মাননীয় তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক ভাইকে, যিনি আমাদের উদ্যোগে সবসময় পাশে থেকে উৎসাহ ও সমর্থন দিয়েছেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

























