ঐতিহাসিক জব্বারের বলীখেলার ১১৩তম আসরে কুমিল্লার শাহজালাল বলীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন চকরিয়ার জীবন বলী। সোমবার (২৫ এপ্রিল) বিকেলে প্রতিযোগিতার ফাইনালে গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লার শাহজালাল বলীকে ২-০ পয়েন্টে হারিয়ে এই মুকুট জয় করেন জীবন।
সোমবার বিকেল তিনটায় খেলা ও মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। উদ্বোধনকালে সিএমপি কমিশনার বলেন, বলীখেলা শুধু চট্টগ্রামের ঐতিহ্য নয়। এটি সারাদেশের ঐতিহ্য।
চট্টগ্রামের তরুণদের ব্রিটিশবিরোধী আন্দোলনে শারীরিকভাবে প্রস্তুত করে তুলতেই বলীখেলার সূত্রপাত। সেই থেকে এখনও সেই নামেই চলে আসছে জব্বারের বলীখেলা। আর বলীর লড়াইকে কেন্দ্র করে তিন দিন ধরে সারাদেশ থেকে আসা বাঙালির কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্যের পণ্যের বৈশাখী মেলা চলে আসছে। গত শনিবার থেকে লালদীঘি ও তার আশপাশের প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে শুরু হয়ে গেছে ঐতিহ্যের বৈশাখী মেলা। সোমবার লালদীঘির পাড়ে অনুষ্ঠিত হয় ১১৩তম বলীর লড়াই। এখানে শতাধিক বলী মেতে উঠেন বলীখেলায়।
বলীখেলাকে ঘিরে বৈশাখী মেলায় সারাদেশ থেকে পসরা নিয়ে বিক্রেতা বসে গেছেন। কোথাও কারুপণ্য, কোথাও মাটির তৈরি জিনিস। আবার কোথাও নানাবিধ মনিহারি দ্রব্যের পসরা সাজিয়েছেন। সড়কের দু’পাশেই নকশিকাঁথা, ঝাড়ূ, বাঁশের ঝুড়ি, টুকরি, ডালাসহ নানা পণ্য নিয়ে বসেছেন দোকানিরা।উৎসবের আমেজে শুরু হওয়া ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলীখেলা এবার হয়েছে লালদিঘীর পাশে বালু দিয়ে বানানো মঞ্চে। রেফারির মূল দায়িত্ব পালন করেছেন আবদুল মালেক। তিনি ৩২ বছর ধরে এ দায়িত্ব পালন করছেন।করোনাভাইরাসের কারণে গেল দুই বছর মেলা ও খেলা অনুষ্ঠিত হয়নি। এবারও মেলার আয়োজন নিয়ে ছিল নানা জল্পনা।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















