যশোরের চৌগাছায় তিন মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ডালিম হোসেন (৫০) নামে একজন বৃদ্ধ নিহত হয়েছেন। এই ঘটনায় তার স্ত্রী উষা বেগম (৪৫) সহ আহত হয়েছেন আরও ৪ জন। বৃহস্পতিবার (১২ মে) চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া গ্রামের কড়ইতলা বাজারে এ দূর্ঘটনা ঘটে।
নিহত ডালিম হোসেন উপজেলার ফুলসারা গ্রামের আজ্জাদ মাস্টারের ছেলে। এ ঘটনায় আহতরা হলেন নিহত ডালিম হোসেনের স্ত্রী ঊষা বেগম (৪৫), যশোর খাজুরার ইমরান হোসেন (৩৮), যশোর সদরের কারিয়া ডাঙ্গার ওমর ফারুক (২১) ও যশোর কোতোয়ালীর রাজাপুরের ওবাইদুল ইসলাম (৩৫)।
প্রত্যক্ষদর্শী কড়ইতলা বাজারের দোকানী ফারুক হোসেন বলেন, নিহত ডালিম হোসেন তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে চৌগাছা থেকে যশোর অভিমুখে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে দুটি মোটরসাইকেলে চারজন পাশাপাশি কথা বলতে বলতে আসছিলেন। কড়ইতলা বাজারে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ডালিম হোসেন মারাত্মক আহত হন। এ সময় তার স্ত্রী ঊষা বেগমের পা ভেঙ্গে যায়। অন্য মোটরসাইকেল আরোহীরাও আহত হন। ঘটনা ঘটার সাথে সাথে ঘটনাস্থলের পাশেই অবস্থিত চৌগাছা ফায়ার সার্ভিস অফিসের সদস্যরা ছুটে এসে তাদেরকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যান। সেখানে ডালিমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকৎসাধীন থাকা অবস্থায় দুপুরে ডালিম মৃত্যবরণ করেন। আহতরা চৌগাছা সরকারি মডেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চৌগাছা ফায়ার সার্ভিস অফিসের ভারপ্রাপ্ত অফিসার নুর হাসান মুল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার ঘটার সাথে সাথে আমরা সেখানে ছুটে গিয়ে আহতদেরকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে ডালিম হোসেন মারা গেছেন।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















