সড়ক দূর্ঘটনায় নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। রোববার (১৫মে) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের পবা উপজেলার নওহাটা এলাকার আমান কোল্ড ষ্টোরেজ সংলগ্ন মসজিদের সামনে দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এরপর মাটি ভর্তি একটি কাকড়া ( ট্রাক্টর) তাদের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে দুই জন, হাসপাতালে নেওয়ার পথে একজন এবং চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।
সড়ক দুর্ঘটনায় নিহত চারজনের বাড়ি নওগাঁ জেলায়। তারা হলেন, জেলার মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের ছোট বেলালদহ গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে যুবদল নেতা আব্দুল মান্নান (৪৮), নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের দলিল লেখক আক্তার হোসেন (৩৫), তার স্ত্রী বিথি খাতুন (৩৩), এবং মেয়ে মরিয়ম জান্নাত (৪)। ঘটনাস্থলে মান্দা উপজেলার আব্দুল মান্নান এবং নিয়ামতপুর উপজেলার আক্তার হোসেন ও বিথি খাতুনের চার বছর বয়সী মেয়ে জান্নাত মারা যান। রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে আক্তার হোসেনের স্ত্রী বিথি খাতুন মারা যান। আক্তার হোসেন দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এদিকে দুর্ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম।
নিহত আব্দুল মানানের বড় ভাই বিএনপি নেতা মখলেছুর রহমান জানান-স্থানীয়দের মাধ্যমে দুর্ঘটনার সংবাদ জানতে পেরে সেখানে গিয়ে আমার ভাইয়ের মরদেহ রাস্তার পড়ে থাকতে দেখি। সেখান থেকে পুলিশ মরদেহটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে আমরা আমার ছোট ভাইয়ের মরদেহটি নিয়ে নিজ এলাকায় নিয়ে এসে জানাজা শেষে সন্ধ্যায় পারিবারিক করবস্থানে দাফন করা হয়েছে।
তিনি জানান, মান্দা উপজেলায় গ্রামের বাড়ি হলেও মান্নান ও তার পরিবার রাজশাহীতে বসবাস করত। নওগাঁ পৌরসভার বনানী পাড়া এলাকায় ফুফা শশুড়ের মেয়ের (শালিকা) বিয়ের অনুষ্ঠান যোগদান করার জন্য স্ত্রী সন্তানদের আগে বাসযোগে পাঠিয়ে দিয়ে মোটরসাইকেল যোগে তিনি রাজশাহী থেকে মান্দা উপজেলায় অবস্থিত তাদের গ্রামের বাড়ি হয়ে নওগাঁতে আসছিলেন। তার মধ্যে এমন দুর্ঘটনা পরিবারের কেউই মেনে নিতে পারছে না।
অপরদিকে নিহত দলিল লেখক আক্তার হোসেনের পিতা মকবুল হোসেন জানান, আক্তার হোসেন তিন ভাইয়ের মধ্যে সবার ছোট। তিন বছর থেকে আমার সাথে নিয়ামতপুর সাব-রেজিস্টার অফিসে মহরীর কাজ করছিলো।
নিহতদের জানাজায় উপস্থিত ছিলেন নিহতদের নিকটতম আত্মীয় স্বজন এবং অত্র এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ। পরে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানিয়ে তাদের সকলের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















