চট্টগ্রাম মহানগরীর সিইপিজেড সংলগ্ন কলসি দিঘীর পাড় এলাকায় অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় আবদুল করিম হাওলাদার নামের এক শতবর্ষী বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ মে) বেলা ১১টার দিকে কলসি দিঘীর পাড় নাসির উদ্দিনের কলোনিতে এ ঘটনা ঘটে। তবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ বলেন, বুধবার বেলা ১১টা ৫ মিনিটে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। আগুন নেভানোর কাজে আমাদের তিনটি স্টেশনের ১১টি গাড়ি কাজ করেছে। অগ্নিকাণ্ডের এ ঘটনায় এক বৃদ্ধ মারা গেছেন।
তিনি বলেন, এখানে ছোটবড় ৪০টির মতো দোকান পুড়ে গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটা এখনো নিশিচত করা যাচ্ছে না।
বন্দর থানার এসআই আবদুর রউফ বলেন, আগুনের ঘটনায় আবদুল করিম হাওলাদার নামের এক ব্যক্তি মারা গেছেন। পরিবারের লোকজনের দাবি বৃদ্ধের বয়স ১৩০ বছর। তিনি কানে তেমন শুনতেন না। বিছানায় শয্যাশায়ী ছিলেন। যে কারণে আগুন লাগার পর তিনি বের হতে পারেননি। আমরা মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে এসেছি।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















