দলীয় ২৪ রানে ৫ উইকেট পতনের পর সবাই যখন বাংলাদেশের কম রানে গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল, তখনই ব্যাট হাতে ঘুরে দাঁড়ান মুশফিকুর রহিম আর লিটন কুমার দাস। ঢাকা টেস্টের প্রথম দিনে দুজনই হাঁকিয়েছেন সেঞ্চুরি। এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটিতে এসে গেছে ২৪১* রান। যা রীতিমতো বিশ্বরেকর্ড!
টেস্ট ক্রিকেটের ইতিহাসে ২৫ বা তার কম রানে ৫ উইকেট পতনের পর ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ রানের জুটি ছিল ৮৬।
মজার ব্যাপার হলো, সেই জুটি হয়েছিল বাংলাদেশের মাটিতেই। আজ থেকে ৭৩ বছর আগে বর্তমানের বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৯৫৯ সালে পাকিস্তানের ওয়ালিস মাথিয়াস ও সুজাউদ্দিন গড়েছিলেন ৮৬ রানের জুটি। সেই ম্যাচে তারা ২২ রানে ৫ উইকেট হারিয়েছিল।
বাংলাদেশের ক্রিকেটেও এটা বড় রেকর্ড। কারণ এর আগে কখনোই এত বাজে শুরুর পর ষষ্ঠ উইকেটে ২০ রানের বেশি করতে পারেনি টাইগাররা। কয়েক দিন আগেই দক্ষিণ আফ্রিকার মাটিতে দুই টেস্টে ৫৩ আর ৮০ রানে অল আউট হওয়ার নজিরও হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত মুশফিক ২৪৪ বলে ১১২ এবং লিটন ২১২ বলে ১২৮ রানে ব্যাট করছেন।
বিজনেস বাংলাদেশ/ এ আর
























