নারায়ণগঞ্জের ফতুল্লায় কিশোর গ্যাংয়ের হাতে নিহত কিশোর সাকিব (১৪) হত্যার সাথে জড়িত দুই কিশোরকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। রবিবার (২৬ জুন) নিহতের মা নাসিমা বেগম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ্য সহ অজ্ঞাতনামা আরো ৪-৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছে। মামলার আসামিরা হলো, ফয়সাল (১৮), পারভেজ (২২), আতিকুল (১৭), ইসলাম মোল্লা (১৮) ও সোলেয়মান (১৮) সহ অজ্ঞাতনামা আরো ৪-৫ জন।
গ্রেফতারকৃতরা হলো- ফতুল্লার রেলস্টেশন এলাকার হবিকুলের পুত্র আতিকুল (১৭) ও দাপা ইদ্রাকপুরের সেকান্দার মোল্লার পুত্র ইসলাম মোল্লা (১৮)। নিহত সাকিবের মা নাসিমা বেগম জানান, গত শনিবার (২৫ জুন) রাতে ফতুল্লার রেলস্টেশন মসজিদের পেছনের গলিতে ছেলের ওপর হামলার খবর শুনতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় তার ছেলে সাকিব মাটিতে কাতরাচ্ছে। এসময় বড় ছেলে রাকিবকে সঙ্গে নিয়ে গুরুতর আহত সাকিবকে শহরের খানপুর ৩শ শয্যা ূহাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাকিব-রাকিব (তার দুই ছেলে) রেলষ্টেশন এলাকায় সিলভার কারখানায় কাজ করেন। তাদের বাবা রুবেল শেখ কয়েক বছর আগে মারা গেছে। এরপর বিভিন্ন বাসা বাড়িতে কাজ করে রাকিব ও সাকিবকে বড় করেছি। আমি হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার চাই।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির জানায়, নিহতের মা বাদী হয়ে মামলা দায়ের করেছে। মামলার এজাহারনামীয় দুই আসামিকে শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। জড়িত অপর আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
বিজনেস বাংলাদেশ/বিএইচ



















