এই মুহূর্তে ভারতজুড়ে শুরু হয়েছে ওয়েব সিরিজের রমরমা বাজার। ওটিটি প্লাটফর্মগুলোর জন্য নির্মিত হচ্ছে নতুন যুগের কনটেন্ট তৈরির প্রতিযোগিতা। একটা সময় ছিল যখন মানুষকে শুধু সিনেমার উপরেই নির্ভর করে হয়েছে। সময় পালটেছে। এখন ডিজিটাল যুগ। তাই মানুষের রুচিরও পরিবর্তন হয়েছে।
ভারতীয় ওয়েব সিরিজ এখন নেটফ্লিক্স এবং আমাজন প্রাইমের অন্যান্য ওয়েব সিরিজের সঙ্গে পাল্লা দিয়ে ব্যবসা করছে পুরো বিশ্বজুড়ে। ওয়েব সিরিজের জগতে মূলত হিন্দি ওয়েব সিরিজ বেশি জনপ্রিয় হলেও ভারতের অন্যান্য রিজিওনাল কন্টেন্টগুলো কিন্তু খুব একটা পিছিয়ে নেই।
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এগুচ্ছে বাংলা ভাষাভাষি কনটেন্টগুলোও। এবার ভিন্নধর্মী কিছু নিয়ে আসছেন পশ্চিমবাংলার প্রথম হরর মিনি সিরিজের নির্মাতা ইন্দ্রনীল ব্যানার্জি। তার এই কাজটিও সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকের, কলকাতায় প্রথমবার। ‘A Sinful Story’ হচ্ছে ভারতের প্রথম নীরব মিনি সিরিজ। এটাই ইন্দ্রনীলের চমক।
সিরিজটির গল্পের শুরু হয় একটি নির্জন জায়গা দিয়ে। ভোরের দিকে একটি গাড়ি, যা এলোমেলোভাবে পার্ক করতে দেখা যায়। একজন পণ্ডিতজিকে একটি লণ্ঠন নিয়ে কর্দমাক্ত পথ দিয়ে হাঁটতে দেখা যায়। তিনি গাড়ির দিকে উঁকি মেরে চলে যান। যেখানে এক তরুণীর নিথর দেহ পড়ে আছে!
এমনই রোমহর্ষক দৃশ্যায়ন দিয়ে এগিয়ে যায় সিরিজটির গল্প। ‘A Sinful Story’ হতে যাচ্ছে ভারতের প্রথম নীরব মিনি সিরিজ। এর তিনটি পর্ব রয়েছে। ধর্ম, কর্তব্য এবং কর্ম। শেষ পর্বে তিনটি পর্বের একটি সংযোগ দেখা যাবে, যা দেখে দর্শকদের গায়ে কাঁটা দেবে!
নির্মাতা ইন্দ্রনীল ব্যানার্জি জানিয়েছেন, চলচ্চিত্র নির্মাতা হিসাবে তিনি সবসময় সৃজনশীল এবং চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন। উদাহরণস্বরূপ ভারতের প্রথম হরর মিনি সিরিজ, কলকাতার প্রথম সিটকম। এবার নিজস্ব প্রযোজনা সংস্থা ইউনিটি পিকচার্স-এর ব্যানারে নির্মাণ করছেন থ্রিলার মিনি সিরিজ, যা ভারতের প্রথম নীরব মিনি সিরিজ।
নতুন সিরিজটির প্রযোজক মৈত্রয়ী দেকে ধন্যবাদ জানান নির্মাতা ইন্দ্রনীল। এই মিনি সিরিজের ধারণাটি এই সিরিজের চিত্রগ্রাহক তুহিন দাশগুপ্তের। তাই তার প্রতিও গভীর ভালোবাসা জানিয়েছেন তিনি।
মিনি সিরিজটির চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই। বাংলা ডেইলি সোপের নিয়মিত মুখ আশিস পাঠক ও ঋদ্ধিমান খান এবং নতুন মুখ হিসেবে অভিনয় করেছেন সায়ন্তনী মুখার্জি। নির্মাণ সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন এই মিনি সিরিজটি বাংলা ওয়েব সিরিজে বেশ আলোড়ন সৃষ্টি করবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























