‘পোড়ামন’ খ্যাত জুটি সাইমন সাদিক ও মাহিয়া মাহি। এ সিনেমায় অভিনয় করে বেশ প্রশংসিত হন দুজন। এবার তারা নিয়ে আসছেন সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘লাইভ’ সিনেমা।
দীর্ঘ বিরতির পর শামীম আহমেদ রনি পরিচালিত ‘লাইভ’ সিনেমার মাধ্যমে প্রেক্ষাগৃহে এক সঙ্গে হাজির হতে যাচ্ছেন সাইমন-মাহি। সঙ্গে রয়েছেন চিত্রনায়ক আদর আজাদ। আগামী শুক্রবার সিনেমাটি দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে।
গতকাল বুধবার রাতে ‘লাইভ’র মুক্তি উপলক্ষে রাজধানীর ইস্কাটনের একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সিনেমাটির পরিচালক, নায়ক ও নায়িকা ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন ও চিত্রনায়িকা নিপুণ আক্তার।
সংবাদ সম্মেলনে সাইমন সাদিক বলেন, ‘গত বছর শাপলা মিডিয়ার ৩টি সিনেমায় চুক্তিবদ্ধ হই। তার মধ্যে একটি ছিল ‘লাইভ’। এতে টানা ১৬ মিনিটের একটি শটে অভিনয় করেছি। কতটা মনোযোগ দিয়ে কাজ করলে আমার মতো একজন অভিনেতা এটা একবারেই করতে পারে। পুরো গল্পটা একবার দেখতে বসলে দর্শক শেষ পর্যন্ত না দেখে উঠতে পারবেন না বলে আমার বিশ্বাস।
তিনি আরও জানান, এখন পর্যন্ত তার অভিনীত মুক্তি প্রতীক্ষায় ৮টি সিনেমা রয়েছে। এর মধ্যে ‘লাইভ’-এ নিজের অভিনয় নিয়ে বেশ আত্মবিশ্বাসী সাইমন।
মাহিয়া মাহি বলেন, যখন কাজ করতে যাই তখনই বোঝা যায় সেটা কতটা ভালো হচ্ছে। লাইভ সিনেমায় অভিনয় করেই বুঝেছি কাজটা অসাধারণ হয়েছে। এখানে সবাই অনেক ভালো অভিনয় করেছে। আমি আর সাইমন আলোচনা করতাম – এই লাইভ সিনেমা দিয়ে লাইফে বড় একটা টার্ন আসবে।
নিপুন বলেন, বাংলাদেশের সিনেমায় আবার সুবাস বইছে। আগেই আমি ‘লাইভ’ সিনেমার গল্প শুনেছি। বাস্তব কাহিনী থেকে এই সিনেমা নির্মাণ করা হয়েছে৷ আশা করি সিনেমাটি সবার ভালো লাগবে। সবাই সিনেমা হলে এসে সিনেমাটি দেখবেন।
শাপলা মিডিয়া প্রযোজিত সাইকো থ্রিলার ধারণার নির্মিত এ সিনেমাতে আরও অভিনয় করেছেন আদর আজাদ, খাইরুল বাশার, শিবা শানু, আমিন সরকার, সাবেরী আলম প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/হাবিব


























