মা ইলিশ রক্ষায় আবারও নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৬ অক্টোবর) মধ্যরাত থেকে ২২ দিনের জন্য নদী ও সাগরে সব ধরনের মাছ শিকার বন্ধ থাকবে।
এদিকে নিষেধাজ্ঞা মানতে সাগর ও নদী থেকে ট্রলার নিয়ে উপকূলে ফিরতে শুরু করেছেন জেলেরা। ইতোমধ্যে শত শত ট্রলার ভিড়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটার বিএফডিসি ঘাটে।
জেলেরা জানান, আষাঢ় থেকে আশ্বিন চার মাস ইলিশ শিকারের প্রধান মৌসুম। কিন্তু এর মধ্যে ৬৫ দিন নিষেধাজ্ঞা ছিল। নিষেধাজ্ঞা শেষ হতেই বৈরী আবহাওয়ার কারণে ইলিশ শিকার করতে না পেরে লোকসানের মুখে পড়েছেন জেলে ও ট্রলার মালিকরা।
জেলেরা আরও জানান, নিষেধাজ্ঞার সময় বরগুনা উপকূলের প্রায় দেড় লাখ জেলে বেকার হয়ে পড়বেন। তাই পরিবার চালাতে সরকারের কাছে খাদ্য ও নগদ অর্থ সহায়তার দাবি জানিয়েছেন তারা।
সংশ্লিষ্টরা জানান, আশ্বিন মাসের বড় পূর্ণিমা ও অমাবস্যায় মা ইলিশ সবচেয়ে বেশি ও পরিপক্ব ডিম ছাড়ে। এবার বড় পূর্ণিমার দিন পড়েছে ৯ অক্টোবর এবং অমাবস্যা দিন পড়েছে ২৪ অক্টোবর। এ কারণে বড় পূর্ণিমা ও অমাবস্যা তারিখ ঠিক রেখে সরকার ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মা ইলিশের ডিম ছাড়ার সময় নির্ধারণ করেছে।
জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞায় ভারত, মিয়ানমার সহ ভিনদেশি জেলেদের অনুপ্রবেশ বন্ধ করতে না পারলে ব্যর্থ হবে এ নিষেধাজ্ঞা।
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, সাগর ও নদীতে এ ২২দিন কোনো জেলেকে মাছ শিকার করতে দেওয়া হবে না। ইলিশের প্রধান প্রজনন মৌসুম সফল করতে আমরা কঠোর অবস্থানে রয়েছি। এছাড়াও নিষেধাজ্ঞার সুফল সম্পর্কে জেলেদের সঙ্গে মতবিনিময় করবো।
বিজনেস বাংলাদেশ/বিএইচ






















