সিরাজগঞ্জের যমুনা নদীতে গোসল করতে নেমে মো. সিরাজ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।ম শুক্রবার (৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে যমুনা নদীর শেখ রাসেল শিশুপার্ক ঘাট এলাকায় গোসল করতে নেমে স্রোতে বাল্কহেডের নিচে তলিয়ে এ ঘটনা ঘটে।
নিহত সিরাজ সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর বাগানবাড়ি মহল্লার মৃত গফুর হোসেনের ছেলে। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিরাজ সকাল থেকেই যমুনা নদীতে মাছ ধরছিলেন। মাছ ধরা শেষে তিনি গোসল করতে নামেন।
গোসলের এক পর্যায়ে নদীর প্রবল স্রোতে ঘাটে ভেড়ানো একটি বাল্কহেডের নিচে তলিয়ে যান। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিট অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজনেস বাংলাদেশ/ হাবিব


























