যশোরের চৌগাছা উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন ‘আমরাই আগামী’র উদ্যোগে তিন দিনের বইমেলা শুরু হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) চৌগাছা সরকারী শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ বইমেলা অনুষ্ঠিত হয়।
‘আমরাই আগামী’র সভাপতি আজিমুর রহমান সোহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস। এসময় তিনি উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
উদ্বোধনী শেষে প্রথম দিনে উপস্থিত অতিথিরা স্থানীয় লেখক শাহরিয়ার সোহাগের অসমাপ্ত বন্ধুত্ব, লং জার্নি, আমার শহর ও আসিফ ফেরদৌস অংকন এর সন্ধ্যাহীন গ্রন্থসহ আরো পাঁচটি প্রকাশনীর বইয়ের মোড়ক উন্মোচন করেন।
‘আমরাই আগামী’ সংগঠনের নেতৃবৃন্দ জানান, বইমেলায় সংগঠনের পক্ষে মোট ৫টি বইয়ের স্টল এর আয়োজন করা হয়েছে। ৮ থেকে ১০ নভেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তিনদিনব্যাপী চলবে এই মেলা। প্রযুক্তির বহুল ব্যবহার, বিশেষ করে ফেসবুক ইত্যাদির কারণে আমরা সবাই বেশি সময় নষ্ট করছি। এ থেকে তেমন কিছু শেখার নেই। এখন শিশু-কিশোর, এমনকি তরুণদের মধ্যে বই পড়ার প্রবণতা একেবারে প্রান্তে এসে ঠেকেছে। এই বাস্তবতা বিবেচনা করে আমরা বইমেলার আয়োজন করেছি। যেন সহজে ভালো ও উন্নতমানের বই স্থানীয় পাঠকের কাছে পৌঁছানো যায়। আমরা মানুষকে বইমুখী করতে চাইছি। তারা আরও জানান স্থানীয় লেখকসহ মেলায় বিভিন্ন গুনী লেখকদের আকর্ষনীয় বই থাকছে।
অনুষ্ঠানের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন চৌগাছা সরকারি শাহাদাৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শিমুল হোসেন, ‘আমরাই আগামী’ সংগঠন এর উপদেষ্টা এইচ এম ফিরোজ, যুগ্ম-সাধারণ সম্পাদক জিসান বারী, বাংলাদেশ রোভার স্কাউট চৌগাছা উপজেলা শাখাসহ স্কুলের সকল শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ।




















