মোহাম্মদপুর থানাধীন শ্যামলী পিসি কালচার এলাকার হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশ নামক চিকিৎসা ও বিক্রয় কেন্দ্রের সামনে ফুটপাতের উপর অচেতন অবস্থায় মোক্তার হোসেন (৬০) নামে একজন ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পথচারীরা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় উক্ত ব্যক্তি মারা যায়। কর্তব্যরত ডাক্তার জানায় বিষ/চেতনানাশক কোন কিছু প্রয়োগের ফলে উক্ত ব্যক্তির মৃত্যু হয়েছে।
উক্ত ঘটনায় নিহত ভিকটিম এর ছেলে মো: হাবিব হোসেন বাদী হয়ে গত ০৯ নভেম্বর ২২ ইং মোহাম্মদপুর থানায় অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়। ভিকটিমের মৃত্যুর ঘটনাটি স্পর্শকাতর এবং চাঞ্চল্যকর হওয়ায় তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার এর সার্বিক দিকনির্দেশনায় মোহাম্মদপুর থানা পুলিশ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ছায়া তদন্ত শুরু করে। ঘটনাস্থল ও এর আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হয়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত একজন আসামীর অবস্থান সনাক্ত করা হয় এবং অভিযান পরিচালনা করে মানিক নামে একজন আসামীকে মোহাম্মদপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মানিক সরদার এর হেফাজত থেকে ঘটনায় ব্যবহৃত একটি সিএনজি এবং ভিকটিমের চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়। আসামীকে জিজ্ঞাসাবাদ এবং তার দেয়া তথ্যাদির প্রযুক্তিগত বিশ্লেষণে ঘটনায় জড়িত অন্যান্য আসমীদের তথ্য পাওয়া যায়। উক্ত তথ্যের ভিত্তিত্তে ঘটনায় জড়িত অন্য আসামী দেলোয়ার ও ইলিয়াস কাঞ্চনকে গাজীপুর হতে গ্রেফতার করা হয়। উক্ত আসামীর দেয়া তথ্য মতে ভিকটিমের চুরি যাওয়া ব্যাটারী চালিত রিক্সাটি কামরাঙ্গীরচর থানা এলাকা হতে উদ্ধার করা হয় এবং চোরাইমাল সন্দেহে আরো ১৮টি অটো রিক্সা হেফাজতে নেওয়া হয়েছে। আসামী দেলোয়ার এর নিকট হতে ২ পাতা চেতনানাশক ট্যাবলেট এবং ইলিয়াস কাঞ্চন এর নিকট হতে ৪ পাতা চেতনানাশক ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা চাঞ্চল্যকর খুনের সাথে জড়িত মর্মে স্বীকার করেন।সে আরো জানায় তাদের একজন সর্দার রয়েছে যার নেতৃত্বে দীর্ঘদিন যাবৎ তারা ব্যাটারী চালিত রিক্সা চুরির কাজে জড়িয়ে পড়ে ।সর্দার এর নেতৃত্বে ১০/১২ টিম ঢাকা শহরের বিভিন্ন এলাকায় রিক্সা চুরি করে । প্রতি টিমে ৩/৪ জন সদস্য সিএনজিতে করে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ব্যাটারী চালিত রিক্সা ড্রাইভারদের টার্গেট করে । এরপর রিক্সা ভাড়া নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ানোর এক পর্যায়ে চালকের সাথে সুসম্পর্ক গড়ে তুলে তাকে নির্জন কোন স্থানে নিয়ে যায় । আলাপ আলোচনার এক পর্যায়ে চালককে জুস/কোমল পানীয়ের সাথে নেশা জাতীয় দ্রব্যাদি পান করিয়ে অচেতন করে রিক্সা নিয়ে পালিয়ে যায়।
তারা বিভিন্ন এলাকা থেকে রিক্সা চুরি করে সেই রিক্সা কামরাঙ্গীরচর এলাকায় বিক্রি করে দেয় । প্রতিটি ব্যাটারী চালিত রিক্সা ১৫-২০ হাজার টাকায় বিক্রি করে । এযাবৎ তারা দুই শতাধিক ব্যাটারী চালিত রিক্সা চুরি করেছে বলে স্বীকার করেছে। আসামীরা একটি সংঘবদ্ধ রিক্সা চোরচক্র। দীর্ঘদিন যাবৎ আসামীরা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ব্যাটারী চালিত রিক্সা চুরি করে আসছে। আসামীরা তাদের চক্রের অন্য সদস্যদের নাম প্রকাশ করেছে। ঘটনায় জড়িত বাকী আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে।চাঞ্চল্যকর ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন চোর চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার মোহাম্মদপুর থানার একটি বড় অর্জন।




















