গান আর উপস্থাপনা নিয়ে ব্যস্ততার মাঝেই গেলো ৮ ডিসেম্বর সুস্মিতা সাহা বিয়ে করেছেন। ওই দিনই আনুষ্ঠানিকভাবে তার বিয়ে সম্পন্ন হয়। পাত্র চিন্ময় সাহা সৌরভ। তিনি স্কয়ার ফার্মা’তে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কর্মরত। ১১ ডিসেম্বর সুস্মিতা – সৌরভের বিবাহোত্তর সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আর এর বেশকিছুদিন আগেই তাদের বাগদান ও আশীর্বাদ অনুষ্ঠান সম্পন্ন হয়।
৮ ডিসেম্বর সুস্মিতাকে আশীর্বাদ জানাতে সেদিন রাজধানীর ইস্কাটনের অনুষ্ঠানস্থলে অনেকেই উপস্থিত হয়েছিলেন। তাদের প্রত্যেকের প্রতি সুস্মিতা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নতুন জীবন প্রসঙ্গে সুস্মিতা সাহা বলেন, সৌরভের মতো একজন ভালো মনের মানুষ, ভালো মানুষকে আমার জীবনে পেয়ে আমি ধন্য। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের সুস্থ রাখেন, ভালো রাখেন। আমরা যেন সুখী হতে পারি, ভালো থাকতে পারি। আর নতুন জীবনে প্রবেশ করে সত্যিই সবকিছু নতুন নতুন লাগছে। সবার কাছে আশীর্বাদ চাই যেন সারাজীবন আমরা সুখে থাকতে পারি। আর আমার পরিবারের কাছে আন্তরিক কৃতজ্ঞতা যে তারা আমাকে সুন্দর একটি জীবন দিয়েছেন। যে জীবনের প্রতি আমার পরম ভালোবাসা। শ্রোতা দর্শকের জন্য সুন্দর সুন্দর গান করে যাওয়াই আমার স্বপ্ন।
দেশীয় সঙ্গীতাঙ্গনের তরুণ প্রজন্মের সুন্দরী – সুরেলা গায়িকা সুস্মিতা সাহা। তিনি ২০১৪ এর চ্যানেল আই সেরা কন্ঠ’র শীর্ষ দশে থাকা একজন সঙ্গীতশিল্পী। সেরা কন্ঠ’র পর সঙ্গীতাঙ্গনে তার এগিয়ে চলাটা যেন আরও আলোচিত ও আলোকিত ছিলো। সুস্মিতা’র একের পর এক বেশ কিছু ভালো মৌলিক গান তার প্রকাশিত হয়। গানে গানে তিনি যেমন এগিয়ে যাচ্ছিলেন একজন তারকা কণ্ঠশিল্পী হওয়ার পথে, অনুরূপভাবে একজন উপস্থাপিকা হিসেবেও তিনি নিজেকে নানান অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত থেকে নিজেকে উপস্থাপক হিসেবেও প্রতিষ্ঠিত করেছেন। সুস্মিতার সর্বশেষ মৌলিক গান কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে ‘রঙ্গন’ ইউটিউব চ্যানেলে। জামাল হোসেনের লেখা ও মুহিন খানের সুরে তার গাওয়া ‘কী যেন তুমি সেদিন বলতে চেয়েছিলে’ গানটি শ্রোতা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
সুস্মিতা জানান, তিনি স্ট্যাম্পফোর্ড ইউনিভার্সিটি থেকে বিবিএ, এমবিএ সম্পন্ন করেছেন। তার প্রথম মৌলিক গান ছিলো ‘শুধু তুমি’। এটি লিখেছেন কামরুজ্জামান কাজল এবং সুর করেছেন কাজী হাবলু।


























