১ ফেব্রুয়ারি থেকে মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘পাল্টা হাওয়া’। মানস পালের রচনা ও নাহিদ নিয়াজী রিপনের পরিচালনায় এতে অভিনয় করেছেন মীর সাব্বির, আরফান আহমেদ, মুকিত জাকারিয়া, মিলন ভট্টচার্য, ঊর্মিলা শ্রাবন্তী কর, স্বর্ণলতা, শাহনাজ খুশী, তানিয়া আহমেদ, রিমি করিম, মাহমুদা মাহা প্রমুখ। প্রতি রবি, সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে প্রচার হবে নাটকটি।
গাঁয়ের নাম রাধানগর। প্রাচীন কাল থেকেই এ গ্রামের মেয়েরা একটু বেশি মাত্রায় প্রেমপ্রবণ, ঠিক যেমন কৃষ্ণের প্রতি রাধা। এই প্রেমকে স্বীকৃতি দিতেই গাঁয়ের নাম হয়েছে রাধানগর। কিন্তু রাধা যেমন কৃষ্ণকে ভালোবেসে সুখী হতে পারেনি তেমনি এখানকার কোন মেয়েই সুখী নয়। প্রতিনিয়ত তারা পুরুষ দ্বারা নির্যাতিত হয়। একদিন এক দরবেশ বাবার কেরামতিতে পুরুষতান্ত্রিক রাধানগর নারীতান্ত্রিক হয়ে যায়। এতদিন পুরুষরা নারীদের সঙ্গে যেসব বিরুপ আচরণ করেছে এখন নারীরা পুরুষদের সঙ্গে সেসব করা শুরু করেছে। নানারকম হাস্যরসাত্মক ঘটনার মধ্য দিয়ে শুরু হয় নতুন এক সমাজের যাত্রা।
নাটকটি প্রসঙ্গে পরিচালক নাহিদ নিয়াজী বলেন, ‘ধারাবাহিকটির নামের সঙ্গে গল্পের মিল খুঁজে পাবেন দর্শক। অনেক দিন পর ধারাবাহিক নাটক নির্মাণ করছি। তাই গল্প নির্বাচনে সতর্ক ছিলাম। এতে প্রত্যেকের চরিত্রেও দর্শক নতুনত্ব পাবে। অভিনেত্রী ঊর্মিলা বলেন, ‘আমি সাধারণত গল্প-চরিত্র পছন্দ না হলে সেই কাজটি করি না। যার কারণে আমার কাজের সংখ্যাও অনেক কম। এ ধারাবাহিকের গল্পে ভিন্নতা আছে। এ কারণে কাজটি করার সিদ্ধান্ত নিয়েছি।’ মীর সাব্বির বলেন, ‘নির্মাতা খুব যত্ন করে কাজটি করছেন, আশা করি দর্শক খুব ভালো একটি কাজ দেখতে পাবেন।’
























